
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : রোগী কেন্দ্রিক চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করল পূর্ব রেলের বি. আর. সিং হাসপাতালের মেডিক্যাল বিভাগ। শুক্রবার হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মসূচিতে ফার্মাসিস্ট, নার্সিং সিস্টার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান-সহ প্যারা মেডিক্যাল কর্মীরাও অংশগ্রহণ করেন।পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানেই এদিন উপস্থিত ছিলেন প্রিন্সিপাল চিফ মেডিক্যাল ডিরেক্টর দেবাশিস গুহ। স্বাস্থ্য পরিষেবায় সহমর্মিতা, কার্যকর যোগাযোগ এবং পেশাগত শিষ্টাচারের গুরুত্ব তুলে ধরেন তিনি। অতিরিক্ত চিফ মেডিক্যাল ডিরেক্টরও কর্মীদের বাস্তবসম্মত পরামর্শ দেন। পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝি জানান, এই প্রশিক্ষণ স্বাস্থ্যকর্মীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি আগামী দিনে রোগীদের সঙ্গে আস্থার সম্পর্ক আরও মজবুত করবে এই অঙ্গীকার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত