
শিলিগুড়ি, ২৪ নভেম্বর (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। এবার নেপালে অনুভূত হওয়া ভূমিকম্পে কেঁপে উঠেছে দার্জিলিং ও সিকিম। পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড় ও সমতলেও কম্পন টের পাওয়া যায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে নেপালে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনস্থলটি সিকিমের কাছেই। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। নেপালের কোশীতে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে ভূমিকম্পটির।
দার্জিলিং, শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরের কিছু অংশেও কম্পন টের পাওয়া গিয়েছে। নেপালের ভূমিকম্পে মৃদু কম্পন অনুভূত হয় বিহার, ভুটান এবং বাংলাদেশের কিছু এলাকাতেও। এই ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন উত্তরবঙ্গের বাসিন্দারা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে অনেকেই ভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ