অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা দেয় গুরু পরম্পরা : রাজনাথ সিং
লখনউ, ২৪ নভেম্বর (হি.স.) : গুরু নানক দেবের ৫৫৭তম প্রকাশ পর্ব উপলক্ষে মঙ্গলবার লখনউয়ের ইয়াহিয়াগঞ্জ গুরুদ্বারে শ্রদ্ধা, ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিরক্ষামন্ত্রী তথা লখনউয়ের সাংসদ রাজনাথ সিং গুরুদ্বারে উপস্থিত
রাজনাথ সিং


লখনউ, ২৪ নভেম্বর (হি.স.) : গুরু নানক দেবের ৫৫৭তম প্রকাশ পর্ব উপলক্ষে মঙ্গলবার লখনউয়ের ইয়াহিয়াগঞ্জ গুরুদ্বারে শ্রদ্ধা, ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিরক্ষামন্ত্রী তথা লখনউয়ের সাংসদ রাজনাথ সিং গুরুদ্বারে উপস্থিত হয়ে গুরু নানক দেবের চরণে মাথা ঠেকিয়ে আশীর্বাদ গ্রহণ করেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর বক্তব্যের শুরুতেই ‘ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ’ ধ্বনি উচ্চারণ করেন। প্রকাশ উৎসবের শুভেচ্ছা জানিয়ে রাজনাথ সিং বলেন, শিখ ইতিহাসে সেবা, করুণা ও ত্যাগের পাশাপাশি বীরত্ব, শৌর্য ও বলিদানের গৌরবোজ্জ্বল পরম্পরাও দৃশ্যমান। গুরু পরম্পরা আমাদের মানবতার সেবা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ধর্ম ও সত্যের পথে চলার প্রেরণা দেয়। গুরু তেগ বাহাদুরজির বলিদান, চার সাহিবজাদার আত্মত্যাগ এবং গুরু গোবিন্দ সিংজির অদম্য সাহস শিখ ইতিহাসের অমূল্য সম্পদ।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গুরুপর্ব কেবল উৎসবের উপলক্ষ নয়, বরং ত্যাগ, তপস্যা, শৌর্য ও বলিদানকে স্মরণ করার দিনও বটে। গুরু নানক দেবজির বাণী ও আদর্শকে জীবনে আত্মস্থ করাই প্রকাশ পর্বের প্রকৃত সার্থকতা। এই পবিত্র লগ্নে গুরুঘরের প্রাঙ্গণে মন শ্রদ্ধা ও শান্তিতে ভরে ওঠে। তিনি বলেন, আমি এখানে একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং একজন ভক্ত ও সেবক হিসেবে উপস্থিত হয়েছি। ওয়াহেগুরুজির চরণে প্রার্থনা করি, সমগ্র সাধুসঙ্গত যেন সুখে-শান্তিতে থাকেন এবং দেশ সম্প্রীতি, শান্তি ও ঐক্যের পথে এগিয়ে চলে। বক্তব্যের শেষে তিনি আরও একবার ‘ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ’ উচ্চারণ করে সকলকে শুভেচ্ছা জানান।

এই অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, বিজেপির লখনউ মহানগর সভাপতি আনন্দ দ্বিবেদী, বিধান পরিষদের সদস্য মুকেশ শর্মা এবং রাম চন্দ্র প্রধান উপস্থিত ছিলেন। সকলেই গুরুদ্বারে মাথা ঠেকিয়ে গুরু নানক দেবজিকে প্রণাম জানান এবং সাধুসঙ্গতের মাঝে বসে ভক্তিভরে কীর্তন শ্রবণ করেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande