পাথর কুদওয়া: পাথরের স্তূপে আজও বেঁচে ঝাড়খণ্ডের প্রাচীন লোকবিশ্বাস
রাঁচি, ২৬ নভেম্বর (হি.স.): পথের ধারে পাথরের পর পাথর সাজানো। কোথাও ছোট স্তূপ, কোথাও আবার জমে উঠেছে পাথরের বড় ঢিবি। ঝাড়খণ্ডের গ্রামীণ জনপদে এমন দৃশ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েক শতাব্দী পুরনো লোকাচার ও ধর্মীয় বিশ্বাস। স্থানীয়দের কাছে এই প্রথার নাম ‘প
পাথর কুদওয়া: পাথরের স্তূপে আজও বেঁচে ঝাড়খণ্ডের প্রাচীন লোকবিশ্বাস


রাঁচি, ২৬ নভেম্বর (হি.স.): পথের ধারে পাথরের পর পাথর সাজানো। কোথাও ছোট স্তূপ, কোথাও আবার জমে উঠেছে পাথরের বড় ঢিবি। ঝাড়খণ্ডের গ্রামীণ জনপদে এমন দৃশ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েক শতাব্দী পুরনো লোকাচার ও ধর্মীয় বিশ্বাস। স্থানীয়দের কাছে এই প্রথার নাম ‘পাথর কুদওয়া’। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছনো এবং সুস্থভাবে ফিরে আসার প্রার্থনায় পথের পাশে পাথর রেখে যাওয়ার এই রীতি আজও টিকে রয়েছে।

চতরা, লাতেহার, হাজারিবাগ-সহ ঝাড়খণ্ডের একাধিক জেলার গ্রামাঞ্চলে এই প্রথার প্রচলন রয়েছে। একসময় যাতায়াতের সুযোগ ছিল সীমিত। দূরের গ্রামে বা অচেনা পথে যেতে হলে অধিকাংশ মানুষকেই পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে হত। সেই যাত্রা নির্বিঘ্ন করার কামনায় পথের ধারে বনদেবীর কাছে প্রার্থনা করতেন পথিকরা। নিরাপদে ফিরে এলে সেই স্থানে একটি পাথর রেখে যাওয়ার রীতি ছিল। সময়ের সঙ্গে সঙ্গে বহু মানুষের রাখা পাথর জমে তৈরি হয়েছে বড় বড় স্তূপ।

আজও অনেক পথচারী সেই প্রথা মেনে পাথর রেখে যান। চতরা জেলার সিমারিয়া, পাথলগড়া, গিদ্ধৌর ও টান্ডওয়া থেকে শুরু করে লাতেহারের বালুমাথ-সহ বিভিন্ন এলাকায় এমন পাথরের স্তূপ দেখা যায়। শুধু পায়ে হেঁটে যাওয়া মানুষই নন, এখন গাড়িতে যাতায়াতকারী অনেকেও এই স্থানগুলির সামনে শ্রদ্ধায় মাথা নত করেন।

গ্রামবাসীদের কাছে এই পাথরের স্তূপের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব যথেষ্ট। কোথাও কোথাও রাস্তা তৈরির সময় পাথরের স্তূপ সরিয়ে না দিয়ে তার পাশ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। লোকবিশ্বাসের এই চিহ্নগুলিকে অক্ষত রাখতেই এমন ব্যবস্থা। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় এই প্রথার সঙ্গে যুক্ত পাথরের স্তূপকে কেন্দ্র করে জায়গা ও গ্রামের নামও তৈরি হয়েছে। রাঁচি শহরেও ‘পাথর কুদওয়া’ নামে একটি জায়গা পরিচিত। কোডারমা-সহ অন্য জেলাতেও এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত স্থান ও নামের সন্ধান মেলে।

লেখক ও মেগালিথ গবেষক সুভাষিত দাসের মতে, ঝাড়খণ্ডে পাথর রাখার এই প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে। পথিকদের রেখে যাওয়া পাথর জমতে জমতে একসময় বড় ঢিবি বা স্তূপের আকার নেয়। স্থানীয় মানুষের কাছে এই স্থানগুলির বিশেষ গুরুত্ব রয়েছে। তাই সেগুলি সরিয়ে ফেলার বদলে সংরক্ষণের প্রবণতা দেখা যায়। তাঁর মতে, এই প্রথা ঝাড়খণ্ডের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

আচার্য চেতন পাণ্ডেয়ের বক্তব্য, এখনও ঝাড়খণ্ডের বহু জায়গায় এমন পাথরের স্তূপ দেখা যায়। মানুষ সেখানে পাথর অর্পণ করে শ্রদ্ধা জানান। অতীতে কোথাও কোথাও দু’টি গ্রামের সীমানা চিহ্নিত করতেও পাথরের স্তূপ ব্যবহার করা হত। গ্রামের সীমানায় রাখা সেই পাথর সময়ের সঙ্গে বড় স্তূপে পরিণত হয়েছে। স্থানীয়দের একাংশ এই স্থানগুলিকে বনদেবীর কৃপা বলে মনে করেন, অন্যদের কাছে এগুলি গ্রামদেবতার প্রতি ভক্তি ও বিশ্বাসের প্রতীক। তাঁদের কাছে এই জায়গাগুলির মর্যাদা অনেকটা তীর্থস্থানের মতো।

‘পাথর কুদওয়া’ তাই নিছক পাথর জমিয়ে রাখার রীতি নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে ঝাড়খণ্ডের মানুষের যাত্রাপথের স্মৃতি, নিরাপত্তার প্রার্থনা, ধর্মীয় বিশ্বাস এবং গ্রামীণ সমাজের দীর্ঘদিনের সাংস্কৃতিক উত্তরাধিকার। সময় বদলেছে, যাতায়াতের মাধ্যমও বদলেছে। কিন্তু পথের ধারে পাথরের স্তূপ আজও মনে করিয়ে দেয়, আধুনিকতার মধ্যেও লোকবিশ্বাসের শিকড় কতটা গভীরে প্রোথিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande