
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): সংবিধান দিবস উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে এক বিশেষ বার্তায় তিনি ভারতীয় সংবিধানের রূপকার বাবাসাহেব ডঃ বি.আর. আম্বেদকর এবং গণপরিষদের সমস্ত মহান ব্যক্তিত্বদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সংবিধানকে ভারতীয় গণতন্ত্রের অমূল্য ঐতিহ্য হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী জানান, বিকশিত ভারত গঠনের সংকল্প পূরণে এই সংবিধানই দেশবাসীকে নিরন্তর পথ দেখিয়ে চলবে।
এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, সংবিধান দিবসে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র উপলক্ষ্যে আমি শ্রদ্ধেয় বাবাসাহেব এবং গণপরিষদের সকল মহান ব্যক্তিত্বদের প্রণাম ও শ্রদ্ধা জানাই। সংবিধানের রূপে তাঁরা আমাদের যে উপহার দিয়ে গিয়েছেন, তা ভারতীয় গণতন্ত্রের অমূল্য ঐতিহ্য, যা বিকশিত ভারত গড়ার সংকল্প পূরণে আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে। তিনি আরও যোগ করেন, সংবিধান দিবসের শুভেচ্ছা, যা আমাদের সংবিধান প্রণেতাদের প্রতি শ্রদ্ধা জানানোর এবং সংবিধানে নিহিত মূল্যবোধগুলিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি দিন।
পাশাপাশি, সম্মিলিত চিন্তাধারা ও সুচিন্তিত মতামতের স্থায়িত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী একটি তাৎপর্যপূর্ণ শ্লোক বা উদ্ধৃতিও ভাগ করে নেন। তিনি লেখেন, অনেকে মিলে বিচার-বিবেচনা করে এবং যত্নসহকারে যে ভাবনাগুলি গড়ে তোলা হয়, সেগুলি সহজে ম্লান হয়ে যায় না—যা কেবলমাত্র একক পণ্ডিতদের দ্বারা কল্পিত ধারণার ক্ষেত্রে ঘটে থাকে। উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতি বছর ২৬ নভেম্বর দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় সংবিধান দিবস পালিত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ