
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশে খাদ্যশস্য উৎপাদনের চূড়ান্ত হিসাব প্রকাশিত হয়েছে, যা ভারতের কৃষি ক্ষেত্রে এক নতুন ঐতিহাসিক রেকর্ড স্থাপন করেছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, ২০২৫-২৬ সালে দেশে মোট খাদ্যশস্য উৎপাদন দাঁড়িয়েছে ৩৭৮.৫৩ মিলিয়ন টনে, যা তার আগের বছরের তুলনায় ২০.৮ মিলিয়ন টন বেশি। একইসঙ্গে চাল উৎপাদনেও ভারত নতুন নজির গড়েছে।
কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তথ্য তুলে ধরে বলেন, ২০২৫-২৬ সালের খাদ্যশস্য উৎপাদনের চূড়ান্ত অনুমান এখন আমাদের হাতে এসেছে, যা এক ঐতিহাসিক রেকর্ড দেখাচ্ছে। মোট খাদ্যশস্য উৎপাদন হয়েছে ৩৭৮.৫৩ মিলিয়ন টন, যা গত বছরের তুলনায় ২০.৮ মিলিয়ন টন বেশি। ভারত চাল উৎপাদনেও একটি নতুন রেকর্ড তৈরি করেছে—মোট চাল উৎপাদন পৌঁছেছে ১৫৫.১৫ মিলিয়ন টনে, যা গত বছরের তুলনায় ৪.৯৭ মিলিয়ন টন বেশি।
পুষ্টিকর শস্য ‘শ্রী অন্ন’ (মিলেট) এবং ডাল উৎপাদনের পরিসংখ্যান দিয়ে তিনি আরও জানান, পুষ্টিকর মিলেট বা শ্রী অন্নের উৎপাদন দাঁড়িয়েছে ৭৪.০৮ লক্ষ টনে। অন্যদিকে, ভারতের ডাল উৎপাদন পৌঁছেছে ২৭.২৪ লক্ষ টনে (২৭২.৪ লক্ষ টন বা ২৭.২৪ মিলিয়ন টন), যা গত বছরের ২৫৬.৮৩ লক্ষ টনের তুলনায় ১৫.৫৭ লক্ষ টন (১.৫৫৭ মিলিয়ন টন) বেশি। যদিও দেশ এখনও তার অভ্যন্তরীণ মোট চাহিদা পুরোপুরি মেটাতে পারেনি, তবে উৎপাদন বৃদ্ধির ফলে বিদেশ থেকে ডাল আমদানির পরিমাণ হ্রাস পেয়েছে।
ভারতে প্রোটিনের অন্যতম প্রধান উৎস হিসেবে ডালের গুরুত্ব উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত একইসঙ্গে বিশ্বের বৃহত্তম ডাল উৎপাদনকারী এবং আমদানিকারক দেশ। সরকারের কৃষক-বান্ধব নীতি ও উন্নত বীজ-প্রযুক্তির ব্যবহারের ফলেই খাদ্যশস্য ও ডাল উৎপাদনে এই উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ