আগরতলা পুর নিগমে ভোটে ৩ হাজারেরও বেশি ভোটকর্মী ও ৬ হাজার পুলিশ মোতায়েন
আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : আগরতলা পুর নিগমের সাধারণ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করল প্রশাসন। ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার ভোটের
পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী


আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : আগরতলা পুর নিগমের সাধারণ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করল প্রশাসন। ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার ভোটের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নির্ধারিত ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন ভোটকর্মীরা। গোটা প্রস্তুতি ও ব্যবস্থাপনার উপর কড়া নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে এমনটাই জানিয়েছেন পশ্চিম জেলার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক ডাঃ বিশাল কুমার।

শুক্রবার রাজ্যের ১৬টি পুর ও নগর সংস্থায় অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আগরতলা পুর নিগমের নির্বাচন। নিগমের ৫১টি ওয়ার্ডের মোট ৪৩৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই চূড়ান্ত তৎপরতা শুরু হয় প্রশাসনিক মহলে। এদিন আগরতলার উমাকান্ত স্কুল থেকে ভোটগ্রহণের যাবতীয় সামগ্রী নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ভোটকর্মীরা। তাঁদের যাতায়াত ও ভোটকেন্দ্রে পৌঁছনোর গোটা প্রক্রিয়ার উপর নজর রাখেন পশ্চিম জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ড. বিশাল কুমার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, আগরতলা পুর নিগমের নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিন হাজারেরও বেশি ভোটকর্মীকে নিযুক্ত করা হয়েছে। তাঁদের যাতায়াতের সুবিধার্থে প্রায় এক হাজার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী নিরাপত্তা সুনিশ্চিত করতে মোতায়েন থাকছেন প্রায় ছয় হাজার পুলিশকর্মী।

নির্বাচনী ব্যবস্থাপনায় কোনও ধরনের সমস্যা যাতে ভোটগ্রহণ প্রক্রিয়াকে ব্যাহত করতে না পারে, সেজন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ইভিএম মজুত রাখা হয়েছে বলে জানান জেলাশাসক। এছাড়া ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা ও সার্বিক পরিস্থিতির উপর নজরদারির জন্য ৬০ জন সেক্টর অফিসার এবং ৫১ জন পুলিশ সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সিআরপিএফ জওয়ানদের নিয়ে ৫১টি পৃথক সেকশন গঠন করা হয়েছে।

ভোটগ্রহণ চলাকালীন কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিংবা আইনশৃঙ্খলাজনিত সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের পক্ষ থেকেও খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। সব মিলিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় রেখে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক।

উল্লেখ্য, এবারের আগরতলা পুর নিগমের সাধারণ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ৫৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭৭ হাজার ৪৭৬ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৮৫ হাজার ৭০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬ জন। অর্থাৎ পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। ৫১টি ওয়ার্ডের ৪৩৯টি ভোটকেন্দ্রে এই বিপুল সংখ্যক ভোটারের ভোটাধিকার প্রয়োগকে কেন্দ্র করে এখন গোটা রাজধানীর নজর শুক্রবারের নির্বাচনের দিকে। প্রশাসনের দাবি, প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন। এবার নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করাই জেলা প্রশাসনের প্রধান লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande