
কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.): সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় রাজ্যব্যাপী ‘শ্রীমদ্ভগবদ্গীতা শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা’-র আয়োজন করা হচ্ছে। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১৫ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে রাজ্য জুড়ে জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং আগামী ২৭ ডিসেম্বর, ২০২৬ কলকাতায় রাজ্য স্তরের চূড়ান্ত পর্ব বা ফাইনাল আয়োজিত হবে।
সংসদের জারি করা নিয়মাবলি অনুযায়ী, প্রতিযোগিতাটি দুটি বিভাগে ভাগ করা হয়েছে—‘শিশু বিভাগ’ এবং ‘কিশোর বিভাগ’।
* শিশু বিভাগ: প্রথম থেকে ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা এই বিভাগে অংশ নিতে পারবে। তাদের শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ের ১ থেকে ১০ নম্বর শ্লোক মুখস্থ আবৃত্তি করতে হবে।
* কিশোর বিভাগ: সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই বিভাগে অংশগ্রহণ করতে পারবে। তাদের জন্য গীতার সম্পূর্ণ দ্বাদশ অধ্যায়টি মুখস্থ পাঠ করা নির্ধারিত হয়েছে।
নিয়মাবলিতে স্পষ্ট জানানো হয়েছে, কেবলমাত্র সেই সমস্ত পড়ুয়ারাই আবেদন করতে পারবে, যারা বই না দেখে বিশুদ্ধ উচ্চারণে নির্ধারিত শ্লোকগুলি নির্ভুলভাবে আবৃত্তি করতে সক্ষম। আগ্রহী প্রতিযোগীদের সংস্থার তরফে প্রকাশিত নির্দিষ্ট গুগল ফর্মের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। কোনো জেলায় অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হলে একাধিক স্থানে প্রাথমিক পর্ব আয়োজনের পর জেলা স্তরের ফাইনাল অনুষ্ঠিত হবে।
পুরস্কার ও স্বীকৃতির ক্ষেত্রে আয়োজকরা জানিয়েছেন, জেলা স্তরের ফাইনালে অংশগ্রহণকারী প্রত্যেককে শংসাপত্র দেওয়া হবে। প্রতিটি জেলা থেকে প্রথম স্থানাধিকারী রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবেন। এ ছাড়া জেলা স্তরে প্রথম স্থানের পাশাপাশি আরও ১০ জন কৃতী প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। কলকাতায় অনুষ্ঠিত হতে চলা রাজ্য স্তরের চূড়ান্ত পর্বে প্রতিটি জেলার প্রথম স্থানাধিকারীদের শংসাপত্র ও বিশেষ পুরস্কার প্রদান করা হবে। রাজ্য পর্যায়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে স্বর্ণ, রৌপ্য এবং তাম্র পদক দিয়ে সম্মানিত করা হবে।
প্রতিযোগিতার নির্দিষ্ট স্থান ও তারিখ হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হবে এবং সকল অংশগ্রহণকারীকে নিজস্ব খরচে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে হবে। প্রতিযোগিতায় বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের সংস্থার ওয়েবসাইট (www.sanatansanskritisansad.subhashitam.in) দেখার অনুরোধ জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ মধুপ