
ইন্দোর, ৪ নভেম্বর (হি.স.): প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও দুর্গত মানুষের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে সহযোগিতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) স্বয়ংসেবকরা নিরন্তর কাজ করে চলেছেন বলে জানালেন সংঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে। মধ্যপ্রদেশের ইন্দোরে আয়োজিত সংঘের অখিল ভারতীয় কার্যকারী মণ্ডলের তিন দিনব্যাপী বার্ষিক বৈঠকের সমাপ্তি উপলক্ষে বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
দুর্যোগকবলিত এলাকাগুলির ক্ষয়ক্ষতির পরিস্থিতি তুলে ধরে হোসবালে বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক জায়গায় কৃষিজমিতে নোনা জল ঢুকে মাটি লবণাক্ত হয়ে পড়ে, যার ফলে পরবর্তী এক বা দুই বছর সেখানে কোনও ধরনের ফসল ফলানো সম্ভব হয় না। তাই ক্ষতিগ্রস্ত মানুষদের তাৎক্ষণিক ত্রাণের পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবিকা ও পুনর্বাসনের দিকটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এই পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে এবং সেবা কার্যক্রম এগিয়ে নিতে সমাজের সহযোগিতায় সংঘের স্বয়ংসেবকরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন।
সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে সংঘের কার্যকারী মণ্ডলের বৈঠকে আলোচিত জাতীয় ও সামাজিক নানা গুরুত্বপূর্ণ বিষয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সংঘের কাজের প্রতি গণমাধ্যমের এই ইতিবাচক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য উপস্থিত সকল সাংবাদিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ