
সঙ্গরুর (পঞ্জাব), ৪ নভেম্বর (হি.স.): পঞ্জাবে মাদক সন্ত্রাস, গ্যাংস্টারদের দৌরাত্ম্য এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে আম আদমি পার্টি (এএপি) এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সরকারকে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার মুখ্যমন্ত্রী মানের খাসতালুক সঙ্গরুরে কংগ্রেস আয়োজিত 'ইনসাফ র্যালি'তে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, পঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এএপি সরকার তা নির্মূল করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী অতীতের প্রসঙ্গ টেনে বলেন, বহু বছর আগে তিনি যখন প্রথম পঞ্জাবে এসেছিলেন, তখনই রাজ্যে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে সতর্ক করেছিলেন। সেই সময় বিজেপি ও অকালি দল-সহ বিরোধীরা তাঁর বক্তব্যকে উড়িয়ে দিয়ে দাবি করেছিল যে রাহুল গান্ধী পঞ্জাব সম্পর্কে কিছুই বোঝেন না এবং রাজ্যে কোনও মাদকের সমস্যা নেই।
রাহুল বলেন, পঞ্জাবের যুবসমাজকে বাঁচাতে হলে কলকারখানা, নতুন শিল্প স্থাপন এবং কৃষিক্ষেত্রের ব্যাপক উন্নয়ন প্রয়োজন। তা না হলে রাজ্যে মাদকাসক্তি এবং গ্যাংস্টার সংস্কৃতিরই বিস্তার ঘটবে এবং রাস্তায় প্রকাশ্যে গুলির লড়াই চলবে।
আম আদমি পার্টির প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস নেতা বলেন, পঞ্জাবের মানুষ ভগবন্ত মান ও অরবিন্দ কেজরিওয়ালের দলের ওপর ভরসা করে তাঁদের ক্ষমতায় এনেছিলেন। দলটির মূল প্রতিশ্রুতিই ছিল পঞ্জাবকে মাদকমুক্ত করা। কিন্তু বাস্তবে পঞ্জাবের কোনও একটি কোণ থেকেও এএপি সরকার মাদক নির্মূল করতে পারেনি। এই সরকার মাদক সন্ত্রাস বন্ধ করতে সম্পূর্ণ অক্ষম বলে সুর চড়ান রাহুল গান্ধী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ