
হাফলং (অসম) ৬ নভেম্বর (হি স): হাফলং পুরসভা এলাকায় জুয়া ও অন্যান্য ধরনের বেআইনি জুয়াখেলার কার্যকলাপ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ঘোষণা করল হাফলং পুরসভা। একই সঙ্গে পুরসভার এই নির্দেশ অমান্য করে কেউ জুয়া বা সংশ্লিষ্ট কোনও বেআইনি কার্যকলাপে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
পুরসভা সূত্রে জারি করা এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হল এলাকায় জুয়া ও বেআইনি বাজির প্রবণতা রোধ করা এবং সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখা। পুরসভা কর্তৃপক্ষের মতে, এ ধরনের কার্যকলাপ সমাজের স্বাভাবিক পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যুবসমাজকে এ ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।
হাফলং পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরেও যদি কোনও ব্যক্তি বা গোষ্ঠী জুয়া খেলার আয়োজন করে, তাতে অংশগ্রহণ করে কিংবা এ ধরনের কার্যকলাপে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত থাকে, তা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে কোনও রকম শিথিলতা দেখানো হবে না বলেও সতর্ক করা হয়েছে।
পুরসভার এই পদক্ষেপকে এলাকায় বেআইনি জুয়া ও বাজির কার্যকলাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে পুরসভা এলাকার বাসিন্দাদেরও এই নির্দেশ মেনে চলার এবং কোনও রকম বেআইনি জুয়াখেলার সঙ্গে যুক্ত না থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনিক নির্দেশ অমান্য করে কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তার পরিণতি যে কঠোর হতে পারে, পুরসভার এই সতর্কবার্তায় সেই বার্তাই স্পষ্ট হয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব