
আগরতলা, ৬ নভেম্বর (হি.স.) : উন্নয়নের খতিয়ানকে হাতিয়ার করেই আগরতলা পুর নিগম নির্বাচনে ভোটারদের দরবারে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বিরোধীদের রাজনৈতিক আক্রমণ কিংবা পাল্টা বক্তব্যে না গিয়ে শহরের উন্নয়নকেই নির্বাচনী প্রচারের মূল হাতিয়ার করতে চাইছে শাসক দল বিজেপি। শুক্রবার আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের মিছিলে অংশ নিয়ে এমনটাই স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এদিন রীতিমতো শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক প্রস্তুতি সারল বিজেপি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বেলা ১১টায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় বিজেপি মনোনীত প্রার্থীদের বিশাল মিছিল। দলীয় প্রার্থীদের পাশাপাশি কর্মী-সমর্থকের উপস্থিতিতে মিছিল ঘিরে তৈরি হয় নির্বাচনী আবহ। মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রতন চক্রবর্তী, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
মিছিল শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের ৫১ জন দলীয় প্রার্থীকে পুনরায় অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উন্নয়ন নিয়েই মানুষের কাছে যাবেন তাঁরা। আগরতলা পুর নিগম এলাকায় বিগত সময়ে যে উন্নয়ন হয়েছে, তা শহরের মানুষ নিজেরাই অনুভব করছেন বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, বিরোধীদের সম্পর্কে তাঁর কিছু বলার নেই। তারা যা খুশি করতে পারে। বিজেপি উন্নয়নের বার্তা নিয়েই মানুষের কাছে পৌঁছবে।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট, আসন্ন পুর নির্বাচনে বিজেপি শহরের উন্নয়নমূলক কাজকর্মকেই প্রধান নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরতে চাইছে। বিরোধীদের সমালোচনার জবাব না দিয়ে উন্নয়নের প্রশ্নে ভোটারদের আস্থা অর্জনের কৌশল নিয়েছে শাসক দল। এদিনের মিছিলেও সেই রাজনৈতিক বার্তাই তুলে ধরার চেষ্টা করা হয়।
উল্লেখ্য, আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থী দেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করেছে। এর আগে দুটি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা না করায় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছিল। বিশেষ করে ১৯ ও ২২ নম্বর ওয়ার্ড সহযোগী দল তিপ্রা মথার জন্য ছেড়ে রাখা হয়েছে বলে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়। তবে বৃহস্পতিবার রাতে ওই দুই ওয়ার্ডেও প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। ১৯ নম্বর ওয়ার্ডে ভাস্বতি দেববর্মা এবং ২২ নম্বর ওয়ার্ডে হিমানী দেববর্মাকে দলীয় প্রার্থী করা হয়েছে।
ফলে আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডেই প্রার্থী দিয়ে নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি সম্পন্ন করল বিজেপি। শুক্রবারের মনোনয়ন মিছিলের মধ্য দিয়ে দলীয় শক্তি ও সাংগঠনিক প্রস্তুতির প্রদর্শনও করল শাসক শিবির।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ