
কলকাতা, ৯ নভেম্বর (হি.স.) :প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বিমুখী নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। সোমবার এক প্রেস বিবৃতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই দুই পৃথক ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন এবং অবিলম্বে বৃহত্তর আন্দোলনের ও ধারাবাহিক প্রচার অভিযানের কড়া হুংকার দেন।এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে যে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রী স্বামী বিবেকানন্দকে নিয়ে কোনো অবমাননাকর বা কুরুচিকর মন্তব্য করতে চাননি। বরং তাঁরা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের জাতিদ্বেষী ও বিভাজনের রাজনীতির তীব্র প্রতিবাদ করেছিলেন। অথচ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাতের অন্ধকারে অতি দ্রুত ওই ছাত্রীদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।অন্যদিকে, তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, এর ঠিক উলটো ছবি দেখা গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আজ থেকে প্রায় তিন মাস আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবাধে হামলা, প্রশাসনিক ভবনে আগুন লাগানোর অপচেষ্টা এবং ব্যাপক ভাঙচুরের মতো চরম হিংসাত্মক ঘটনা ঘটেছিল। কিন্তু এত দিন পেরিয়ে গেলেও সেই ঘটনার মূল অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো আইনি পদক্ষেপ বা দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ প্রশাসন। একই রাজ্যে দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শাস্তির ক্ষেত্রে প্রশাসনের এমন বৈষম্যমূলক ও পক্ষপাতদুষ্ট আচরণ কোনোভাবেই বরদাশত করা যায় না বলে তোপ দেগেছে কংগ্রেস নেতৃত্ব।এই প্রেক্ষাপটে রাজ্যের শিক্ষাঙ্গনগুলির নিরাপত্তা, ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং প্রশাসনের এই একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকার বিরুদ্ধে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আনুষ্ঠানিক ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত