
কলকাতা / ক্যানিং, ৯ নভেম্বর (হি.স.) : কলকাতা বিমানবন্দর থেকে আটক করা হলো ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশরাম দাসকে। সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশনস গ্রুপ । পুলিশ সূত্রে খবর, বিমানে চেপে মুম্বই পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় বিমানবন্দর থেকেই হাতেনাতে তাঁকে ধরে ফেলা হয়।
বারুইপুর পুলিশ জেলার তরফে সরকারিভাবে জানানো হয়েছে, ক্যানিং থানার ৫৬১/২০২৬ নম্বর মামলায় অভিযুক্ত বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা / দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় একাধিক গুরুতর মামলা রুজু রয়েছে। জানা গিয়েছে, গত ৫ সেপ্টেম্বর ওই মামলা দায়ের করা হয়েছিল। এরপর থেকেই তদন্ত এড়াতে এবং গ্রেফতারি এড়াতে তিনি কলকাতা থেকে মুম্বই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে পুলিশের দাবি।
গোপন সূত্রে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার-সহ শীর্ষ পদস্থ আধিকারিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান চালানো হয়। বিধাননগর কমিশনারেট ও বিমানবন্দর থানার পুলিশের সক্রিয় সহযোগিতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করতে সক্ষম হন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার তাঁকে আলিপুর জেলা ও দায়রা আদালতে তোলা হবে।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা