
কলকাতা, ০৯ নভেম্বর (হি.স.) :জনতা ও পুলিশের সংঘর্ষের ঘটনা পরিচিত হলেও অপরাধীদের সঙ্গে পুলিশের তথাকথিত ‘এনকাউন্টার’ বা পাল্টা সংঘর্ষে মৃত্যুর ঘটনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল এসইউসিআই (কমিউনিস্ট)। সোমবার এক প্রেস বিবৃতিতে দলটির রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য সম্প্রতি সংঘটিত বেশ কয়েকটি এনকাউন্টার হত্যা এবং বারাসতে দলের বুকস্টল ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।বিবৃতিতে চণ্ডীদাসবাবু বলেন, রাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ ও রায়গঞ্জে পরপর চারটি এনকাউন্টার মৃত্যুর ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। অপরাধীদের কঠোরতম শাস্তি হওয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে পুলিশকে একাধারে অভিযোগকারী, বিচারক ও শাস্তিদাতার ভূমিকা পালনের অধিকার কোনোভাবেই দেওয়া যায় না। এ ধরনের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য বিচারব্যবস্থাকে খাটো করছে এবং রাজ্যে একপ্রকার অঘোষিত ‘পুলিশ-রাজ’ কায়েমের পথ প্রশস্ত করছে বলে অভিযোগ করেন তিনি। প্রতিটি ঘটনার ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত ও যথাযথ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।অন্যদিকে, অপর এক ঘটনায় কালীপুজো উপলক্ষে বারাসতের কলোনি মোড়ে এসইউসিআই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে একটি বুকস্টল বা দলীয় প্রদর্শনী স্টল দেওয়া হয়েছিল। গত ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ওই স্টলটি চলার কথা ছিল। কিন্তু অভিযোগ উঠেছে, রবিবার রাতে দলের কর্মীরা স্টল বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর গভীর রাতে ‘হিন্দু জাগরণ মঞ্চ’-এর কিছু দুষ্কৃতী অতর্কিত হামলা চালিয়ে সেই বুকস্টলটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেয়। এই ঘটনারও তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে দল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত