
কলকাতা, ১১ ফেব্রুয়ারি (হি. স.): এ রাজ্যের পর্যটনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ণয়ের উদ্দেশ্যে রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ পর্যটন অংশীদার সম্মেলন - ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। শহরের এক পাঁচতারা হোটেলে রাজ্য পর্যটন দফতর ও পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের যৌথ পরিচালনায় এই একদিনের সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পর্যটন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি জানান, পর্যটন শিল্পের বিকাশে রাজ্যের অংশীদারদের মধ্যে দিনভর এই সম্মেলনের মাধ্যমে উদ্যোগপতি থেকে শুরু করে সচিব ও আমলারা মতবিনিময় করবেন। এরপর সেই আলোচনার নির্যাস সরকারের কাছে রিপোর্ট আকারে জমা পড়বে। প্রাপ্ত সুপারিশ ও পরামর্শগুলির মধ্যে যেগুলি গ্রহণযোগ্য, সরকার সেগুলি সাদরে গ্রহণ করবে এবং বাস্তবায়নের বিষয়ে সচেষ্ট হবে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব বরুণ রায়, পর্যটন সচিব সৌমিত্র শঙ্কর সেনগুপ্ত এবং পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের অভিষেক সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের চেয়ারম্যান তথা ইকো ট্যুরিজম সাব-কমিটির চেয়ারম্যান রাজ বসু, রিভার ক্রুজ সাব-কমিটির চেয়ারম্যান রাজ সিং এবং বিখ্যাত এভারেস্ট জয়ী পর্বতারোহী তথা অ্যাডভেঞ্চার ট্যুরিজম সাব-কমিটির চেয়ারম্যান জ্যামলিং তেনজিং। সম্মেলনে পর্যটনের বিভিন্ন দিক যেমন ইকো ট্যুরিজম, রিভার ক্রুজ এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত