
আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : নারী নির্যাতন, ধর্ষণ, খুন ও গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। নারীদের নিরাপত্তা, মর্যাদা, সমান অধিকার এবং কর্মক্ষেত্রে সমকাজে সমমজুরি নিশ্চিত করার দাবিতে সংগঠিত আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সংগঠনের পক্ষ থেকে।
রবিবার আগরতলা প্রেস ক্লাবে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর সম্মেলনের বিভিন্ন পর্বে নারী সমাজের বর্তমান পরিস্থিতি, নারীদের ওপর ক্রমবর্ধমান নির্যাতন, সামাজিক বৈষম্য এবং নারী অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সম্মেলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সর্বভারতীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কল্পনা দত্ত বলেন, শুধু ত্রিপুরা নয়, গোটা দেশেই মহিলারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নির্যাতন, ধর্ষণ, খুন ও বৈষম্যের শিকার হচ্ছেন। সমাজে নারীদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নটি আজও যথেষ্ট উদ্বেগজনক। বহু ক্ষেত্রে নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মতে, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত না হলে নারী নির্যাতনের ঘটনা প্রতিরোধ করা কঠিন।
কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি বৈষম্যের বিষয়টিও তুলে ধরেন কল্পনা দত্ত। তিনি বলেন, একই ধরনের কাজ করার পরেও বহু ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় কম মজুরি পাচ্ছেন। এই বৈষম্য দূর করতে সমকাজে সমমজুরি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি কর্মক্ষেত্র থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে নারীদের নিরাপত্তা, সম্মান ও সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, নারী নির্যাতন, ধর্ষণ, খুন কিংবা গার্হস্থ্য হিংসার মতো ঘটনাগুলির বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে প্রতিবাদ জানিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এর বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। নারীদের অধিকার ও মর্যাদা রক্ষার প্রশ্নে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।
কল্পনা দত্তের বক্তব্য, নারীমুক্তির প্রশ্নকে কেবল নারীদের নিজস্ব সমস্যা হিসেবে দেখলে চলবে না। এর সঙ্গে সমাজের সামগ্রিক মুক্তি ও পরিবর্তনের প্রশ্ন জড়িত। প্রকৃত নারী মুক্তি অর্জন করতে হলে সমাজের সামগ্রিক মুক্তি নিশ্চিত করতে হবে। তাই নারী নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সংগঠিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনের মধ্য দিয়ে নারী অধিকার, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিকে আরও জোরদার করার বার্তা দেয় অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ