
ঢাকা, ৭ ফেব্ৰুয়ারি (হি.স.) : বাংলাদেশের প্রাক্তন জলসম্পদ দফতরের মন্ত্রী এবং ঠাকুরগাঁও ১ আসনের পাঁচবারের সাংসদ রমেশচন্দ্র সেন আজ শনিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। কারাগার কর্তৃপক্ষের তথ্য, আজ সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার মহম্মদ ফরহাদ সরকার জানান, আজ সকাল ৯টা ১০ মিনিটে রমেশচন্দ্র সেন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাঁকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯টা ২৯ মিনিটে তাঁর মৃত্যু হয়। জেলা কারাগার সূত্র নিশ্চিত করেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করার পর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রমেশচন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ আওয়ামি লিগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঠাকুরগাঁও ১ আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি মহাজোট সরকারের জলসম্পদ মন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য হন, তবে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে সংসদ বিলুপ্ত হলে তিনি পদ হারান।
২০২৪ সালের ১৬ আগস্ট ঠাকুরগাঁও সদর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরবর্তীতে আদালতের নির্দেশে তাঁকে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। মৃত্যুকালে তিনি হত্যা সহ মোট তিনটি মামলার আসামি হিসেবে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস