
নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে মঙ্গলবার বিরোধীদের হট্টগোলের সাক্ষী থাকলো রাজ্যসভা। এই ইস্যুতে শাসক ও বিরোধীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়. এরপরেই বিরোধীরা ওয়াকআউট করে। এদিন সকাল ১১টায় রাজ্যসভার অধিবেশন শুরু হয়। জিরো আওয়ারে বিরোধীরা এসআইআর ইস্যুতে আলোচনার দাবি জানায়। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বেশ কয়েকটি রাজ্যের সাম্প্রতিক এসআইআর নিয়ে প্রশ্ন তোলেন। এই প্রক্রিয়াটিকে ভুয়ো বলেও অভিহিত করেন খাড়গে। তিনি বলেন যে এটি ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এবং অনেক বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি সরকারের থেকে এই বিষয়ে স্পষ্ট বক্তব্যর দাবি জানান। পাশাপাশি, এই প্রক্রিয়া নিয়ে আলোচনার দাবি জানান।
বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা বিরোধীদের অভিযোগ খারিজ করে বলেন, পূর্ববর্তী অধিবেশনে নির্বাচনী সংস্কার নিয়ে ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা করা হয়েছে। তিনি বিরোধীদের বিরুদ্ধে সংসদের কার্যক্রম ব্যাহত করার অভিযোগ এনে বলেন, বারবার এই ধরনের বিষয় উত্থাপন করা উপযুক্ত নয়। বিরোধীরা সংসদের ভেতরে প্রকৃত বিতর্ক চায় না, বরং তারা বারবার হট্টগোল করে সংসদের কার্যক্রম ব্যাহত করে। নাড্ডা বিরোধীদের ওয়াকআউটের সমালোচনা করে এও বলেন, সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধীরা আবারও প্রমাণ করলো তারা অর্থবহ আলোচনা চায় না। বিরোধীদের মনোভাব দায়িত্বজ্ঞানহীন। তারা নৈরাজ্যে বিশ্বাস করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ