
মুম্বই, ১১ মার্চ (হি. স.): মুম্বইয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে 'লোকামত মহারাষ্ট্রীয়ান অফ দ্য ইয়ার ২০২৬' সম্মাননায় 'বিজনেস ভূষণ' উপাধিতে ভূষিত হলেন মালাবার গ্রুপের চেয়ারম্যান এম. পি. আহমেদ। বুধবার মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং লোকমত মিডিয়া গ্রুপের চেয়ারম্যান বিজয় দর্দা সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।বিশ্বজুড়ে গয়নার খুচরা বিক্রয় (জুয়েলারি রিটেইল) শিল্পে যুগান্তকারী পরিবর্তন আনা এবং বিভিন্ন সমাজমুখী উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এম. পি. আহমেদকে এই সম্মান প্রদান করা হয়েছে। তাঁর দূরদর্শী নেতৃত্বেই 'মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস' বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম জুয়েলারি রিটেলার এবং ভারতীয় বংশোদ্ভূত বৃহত্তম ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।১৯৯৩ সালে যাত্রা শুরু করা এই সংস্থাটি বর্তমানে বিশ্বের ১৪টি দেশে ৪২৫টিরও বেশি শোরুম পরিচালনা করছে। মহারাষ্ট্রেও সংস্থার ব্যবসা দ্রুত প্রসারিত হচ্ছে; বর্তমানে রাজ্যের বিভিন্ন শহরে ৩৪টি শোরুম থাকলেও ২০২৯ সালের মধ্যে সেই সংখ্যা ৬৪-এ নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি।এদিন এই সম্মান গ্রহণ করে এম. পি. আহমেদ জানান, এই প্রাপ্তি মালাবার পরিবারের সম্মিলিত প্রচেষ্টা এবং গ্রাহকদের দীর্ঘদিনের আস্থার প্রতিফলন। তিনি আরও বলেন যে, দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং সমাজের জন্য স্থায়ী মূল্য তৈরির লক্ষ্য নিয়েই তাঁদের সংস্থা আগামী দিনে এগিয়ে চলবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত