ইরানকে স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ওয়াশিংটন , ১৩ মার্চ (হি.স.): ইরানকে বিশ্বকাপ থেকে স্বেচ্ছায় সরে যাওয়ার পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বক
ইরানকে স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


ওয়াশিংটন , ১৩ মার্চ (হি.স.): ইরানকে বিশ্বকাপ থেকে স্বেচ্ছায় সরে যাওয়ার পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত। কিন্তু তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে থাকা তাদের জন্য উপযুক্ত হবে বলে আমি সত্যিই মনে করি না।’

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরপর গত সপ্তাহে আটলান্টায় ফিফার প্রস্তুতি সভায় একমাত্র ইরানই অনুপস্থিত ছিল। তবে গত মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ইরানের ফুটবল দলকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট তাঁকে আশ্বস্ত করেছেন। ট্রাম্প তাঁকে বলেছিলেন, ইরান বিশ্বকাপে অংশ নিলে তাঁর কোনও আপত্তি নেই।

এরপর বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালি জানান, ইরান যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যে দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, কোনও পরিস্থিতিতেই তাদের দেশে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’

তবে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে ফিফা বা ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande