
মুম্বই, ১৭ মার্চ (হি.স.) : ৯৮-তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর ‘ইন মেমোরিয়াম’ পর্বে প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র-কে শ্রদ্ধা না জানানোকে কেন্দ্র করে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। গত ১৫ মার্চ ডলবি থিয়েটারে-এ অনুষ্ঠিত এই অনুষ্ঠানের পর দেশ-বিদেশ থেকে নানা প্রতিক্রিয়া সামনে এসেছে।
সমালোচনার প্রেক্ষিতে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইন মেমোরিয়াম’ তালিকায় কারা থাকবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকাডেমিই নেয়। এই প্রসঙ্গে সংস্থার আধিকারিক রব মিলস বলেন, প্রতি বছর বহু বিশিষ্ট ব্যক্তিত্বের মৃত্যু হয়, ফলে সকলকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না এবং কখনও কখনও কিছু নাম অনিচ্ছাকৃতভাবে বাদ পড়ে যেতে পারে।
এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী। তিনি বলেন, বিশ্বজোড়া প্রভাব থাকা এক অভিনেতাকে উপেক্ষা করা অত্যন্ত হতাশাজনক। একইসঙ্গে শত্রুঘ্ন সিনহা-সহ একাধিক চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং অনুরাগীরাও নিজেদের অসন্তোষ ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, ৮৯ বছর বয়সে গত ২৪ নভেম্বর ২০২৫ সালে প্রয়াত হন ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণের পর অস্কারের মঞ্চে তাঁকে শ্রদ্ধা না জানানো নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক অব্যাহত।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য