
শ্রীভূমি (অসম), ১৯ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলায় স্বচ্ছ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে জেলায় আগত পাঁচজন অবজার্ভার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আজ বৃহস্পতিবার এক সভায় মিলিত হয়ে নির্বাচনী খুটিনাটি বিষয়ে পর্যালোচনা করেছেন।
১২৩ উত্তর করিমগঞ্জ বিধানসভা এবং ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের জেনারেল অবজার্ভার কিরণ কুমারী পাসি (আইএএস), ১২৫ পাথারকান্দি ও ১২৬ রামকৃষ্ণনগর বিধানসভা আসনের জেনারেল অবজার্ভার বিনোদ ভি আর (আইএএস), ১২৩ উত্তর করিমগঞ্জ বিধানসভা এবং ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের ব্যয় পর্যবেক্ষক রাহুল পানজাবরাও গাওয়ানডে (আইআরএস), ১২৫ পাথারকান্দি বিধানসভা ও ১২৬ রামকৃষ্ণনগর বিধানসভা আসনের ব্যয় পর্যবেক্ষক গোয়ারসে প্রসাদ দত্তাত্রেয় (আইআরএস) এবং চারটি বিধানসভা আসনের পুলিশ অবজার্ভার চরণ সিং মীনা (আইপিএস) এদিন জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী সহ সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে, ব্যয় পর্যবেক্ষণ কোষের নোডাল অফিসার মুন গগৈ, চারটি বিধানসভা আসনের রিটার্নিং অফিসার এল খিংতে, জয়ন্ত বরা, সপ্ততি এন্দো ও নিলোৎপল পাঠক সহ ইলেকশন অফিসার রৌসিনুল আলম, চারজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ও অন্যান্য সেলের নোডাল অফিসারদের সাথে পর্যালোচনা বৈঠক করেছেন।
বৈঠকে কোনও ধরনের অনিয়ম রোধে ব্যবস্থা গ্রহণের জন্য স্ট্যাটিক সার্ভিলেন্স টিমের ২৪ ঘণ্টা কড়া নজদারির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। ভোট কেন্দ্রে ভোটারদের সুবিধা, ভোটকর্মীদের পরিবহণ ব্যবস্থা, ইভিএম-এর প্রাচুর্যতা ইত্যাদি বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়। বৈঠকে বিশেষ করে সুরক্ষার বিষয় নিয়ে পুলিশ অবজার্ভার গুরুত্ব সহকারে জেলার বিভিন্ন স্থানে ইতিমধ্যে নিয়োজিত সুরক্ষা কর্মী ও আগামীতে আরও সুরক্ষা কর্মী, সেন্ট্রাল ফোর্স নিয়োগ, নিয়মিত এরিয়া ডমিনেশন ইত্যাদি বিষয়ে খোঁজ নেন।
আগামী ২৩ মার্চ মনোনয়ন দাখিল প্রক্রিয়া শেষ হওয়ার পর আবার পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জেনারেল অবজার্ভার জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস