
কলকাতা, ১৯ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বামফ্রন্ট বৃহস্পতিবার তাদের প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করল। এই তালিকায় ৩২টি বিধানসভা আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে প্রথম তালিকায় ১৯২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট। দ্বিতীয় তালিকা মিলিয়ে এখনও পর্যন্ত মোট ২২৪টি আসনে প্রার্থী ঘোষণা করা সম্পন্ন হলো।
দ্বিতীয় তালিকা অনুযায়ী, কালচিনি (এসটি) আসন থেকে আরএসপি-র পাসং শেরপাকে প্রার্থী করা হয়েছে। করণদিঘি থেকে সিপিআই(এম)-এর মহম্মদ সাহাবুদ্দিন এবং হাবিবপুর থেকে বাসুদেব মুর্মু টিকিট পেয়েছেন। চাঁচল থেকে আনোয়ারুল হক, ভগবানগোলা থেকে মাহমুদুল হাসান এবং রানিনগর থেকে জামাল হোসেনকে প্রার্থী করা হয়েছে। নবগ্রাম (এসসি) আসন থেকে পূর্ণিমা দাস এবং জলঙ্গি থেকে ইউনুস আলি সরকার টিকিট পেয়েছেন।
কৃষ্ণনগর উত্তর থেকে অদ্বৈত বিশ্বাস, কৃষ্ণগঞ্জ (এসসি) থেকে অর্চনা বিশ্বাস এবং কল্যাণী (এসসি) থেকে সবুজ দাসকে প্রার্থী করা হয়েছে। বসিরহাট দক্ষিণ থেকে লড়াই করবেন আইনুল আরেফিন। কুলতলি (এসসি) থেকে রামশঙ্কর হালদার, জয়নগর (এসসি) থেকে অপূর্ব প্রামাণিক এবং বারুইপুর পশ্চিম থেকে লায়ক আলিকে টিকিট দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হয়েছেন সমরেন্দ্রনাথ নাইয়া।
কলকাতার গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে টালিগঞ্জ থেকে অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, মেটিয়াবুরুজ থেকে আইনজীবী মনিরুল ইসলাম এবং ভবানীপুর থেকে আইনজীবী শ্রীজীব বিশ্বাস প্রার্থী হয়েছেন। বালিগঞ্জ আসন থেকে শিল্পী আফরিন বেগমকে প্রার্থী করা হয়েছে। চাঁপদানি থেকে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জাঙ্গিপাড়া থেকে সুদীপ্ত সরকার এবং পুরশুড়া থেকে সন্দীপ কুমার সামন্ত লড়াই করবেন। পাঁশকুড়া পূর্ব থেকে ইব্রাহিম আলি এবং পাঁশকুড়া পশ্চিম থেকে নিরঞ্জন সিহি টিকিট পেয়েছেন।
নন্দীগ্রাম আসন থেকে সিপিআই-এর শান্তি গিরি, খেজুরিপাড়া (এসসি) থেকে হিমাংশু দাস এবং নয়াগ্রাম (এসটি) থেকে ডাঃ পুলিন বিহারী বাসকে প্রার্থী করা হয়েছে। গোপীবল্লভপুর থেকে বিকাশ ষড়ঙ্গী, মন্তেশ্বর থেকে অনুপম ঘোষ এবং আসানসোল উত্তর থেকে অখিলেশ কুমার সিংকে প্রার্থী করা হয়েছে। মুরারই আসন থেকে মহম্মদ আলি রেজা মণ্ডল টিকিট পেয়েছেন।
বামফ্রন্টের এই তালিকা থেকে স্পষ্ট যে, জোট বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখেই প্রার্থী নির্বাচন করেছে। আগামী দিনে বাকি আসনগুলির জন্যও প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি