
গুয়াহাটি, ২ মাৰ্চ (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর-পূর্বাঞ্চল এবং সংলগ্ন অঞ্চলগুলিতে রেল সংযোগ বৃদ্ধি, যাত্রীদের সুবিধা উন্নত করা এবং পরিচালনগত পরিকাঠামো শক্তিশালী করতে ব্যাপক পদক্ষেপ গ্ৰহণ করেছে।
আজ সোমবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা পরিকাঠামোগত পদক্ষেপের তথ্য দিতে গিয়ে জানান, নিউ বঙাইগাঁও ক্যারেজ অ্যান্ড ওয়াগন ওয়ার্কশপে নবনির্মিত ডেমু শেডে একটি লোড বক্স টেস্টিং সুবিধা চালু করা হয়েছে। ওয়ার্কশপটি প্রয়োজনীয় বৈদ্যুতিক পরিবর্তনগুলি সফলভাবে সম্পন্ন করেছে। এর মধ্যে ক্যাবল এক্সটেনশনের ব্যবস্থা এবং নতুন শেডের মধ্যেই লোডবক্স টেস্টিঙের জন্য একটি অতিরিক্ত প্যানেল স্থাপন করা হয়েছে। এই আধুনিকীকরণ ব্যবস্থা পরীক্ষার কার্যক্রমের জন্য সুরক্ষামূলক এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে।
এই সুবিধা চালু হওয়ার সাথে সাথে ডেমু রেকের ড্রাইভিং পাওয়ার কার (ডিপিসি) এখন একই শেডে পরীক্ষা করা হবে। এর ফলে লোড বক্স টেস্টিঙের জন্য অন্য স্থানে স্থানান্তরের পূর্ববৰ্তী প্রক্রিয়া বাতিল হবে। এতে অপ্রয়োজনীয় শান্টিং অপারেশন হ্রাস পেয়েছে, চলাচলে সময়ের অপচয় কম হয়েছে এবং শ্রমশক্তির সর্বোত্তম ব্যবহার হয়েছে। এই পদক্ষেপের দ্বারা কাজের প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে সহজ করেছে। এর ফলে ডেমু রেকগুলির দ্রুত পরিবর্তন ঘটেছে এবং পরিচালন দক্ষতা উন্নত হয়েছে।
কপিঞ্জল কিশোর শর্মা বলেন, একইসাথে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণের জন্য, বিশেষ করে কম-দূরত্ব এবং সাব-আরবান অংশগুলিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ডেমু রেকগুলি বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছে। উন্নত রক্ষণাবেক্ষণ ক্ষমতা এবং পরীক্ষার পরিকাঠামো ডেমু পরিষেবার উচ্চতর প্রাপ্যতা, বর্ধিত নির্ভরযোগ্যতা এবং আরও ভালো সময়ানুবর্তিতা নিশ্চিত করবে।
এই পদক্ষেপগুলির বৃহত্তর সুবিধাগুলি রেলওয়ে কার্যক্রমের বাইরেও বিস্তৃত। বর্ধিত ডেমুর উপলব্ধতা অসম এবং অন্যান্য উত্তরপূর্ব রাজ্যজুড়ে প্রতিদিনের যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং অফিসগামীদের সরাসরি সহায়তা করে। উন্নত সংযোগ আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখে, বাজার, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রবেশাধিকার সহজতর করে এবং প্রধান সংযোগস্থলগুলির সাথে দূরবর্তী ও সেমি-আরবান এলাকার একত্রীকরণকে শক্তিশালী করে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস