
যোরহাট (অসম), ২৩ মাৰ্চ (হি.স.) : যোরহাট আসনে মনোনয়ন পেশ করেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি)-র সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ।
যোরহটের নির্বাচিত সাংসদ এবং লোকসভার বিরোধী দলের উপনেতা গৌরব গগৈ মনোনয়ন পেশের আগে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় স্থান যেমন যোরহাট গুরুদ্বার, বুড়াগোসাঁই দেবালয়, মচখাট নামঘর, তরাজান মসজিদে গিয়ে প্রার্থনা করেছেন। গৌরব গগৈ এবারই প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
বিরোধী জোট ষেমন ভারতীয় জাতীয় কংগ্রেস, রাইজর দল, অসম জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) এবং অল পার্টি হিল লিডার্স কনফারেন্স-এর নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল শোভাযাত্রা করে তিনি যোরহাট জেলা কমিশনারের কার্যালয়ে যান। সেখানে তিনি কংগ্রেস-প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলাশাসকের দফতরে মনোনয়ন পেশ করে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব গগৈ আসন্ন নির্বাচনকে ‘অসমের রাজনীতিকে পরিশুদ্ধ করার একটি সুযোগ’ বলে মন্তব্য করেন। সাম্প্রতিক বছরগুলোতে রাজ্যে রাজনৈতিক মানের অবনতি হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। তিনি জনআস্থা পুনর্গঠনের জন্য ‘সমষ্টিগত দায়িত্ব’-এর ওপর জোর দিয়ে বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে, মহিলাদের জন্য সমানভাবে কল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি শাসক ভারতীয় জনতা পার্টি-র বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা প্রকল্পের সুবিধাভোগীদের রাজনৈতিক সভায় যোগ দিতে বাধ্য করছে। গগৈ বলেন, ‘সরকারি প্রকল্পের অর্থ সরকারের, কোনও রাজনৈতিক দলের নয়। মহিলাদের জোর করে সভায় এনে বিজেপি নেতাদের কথা শুনতে বাধ্য করা অপমানজনক।’
গৌরব গগৈ তাঁর বাবা, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈয়ের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। তিনি নাজিরায় তাঁর পারিবারিক বাড়িতে গিয়ে বাবার প্রতিকৃতির সামনে প্রার্থনা করেছেন।
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতা গৌরবকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। কারণ তিনি লড়ছেন বিজেপির প্রবীণ নেতা ও বর্তমান বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামীর বিরুদ্ধে। হিতেন্দ্রনাথ গোস্বামী ১৯৯১ সাল থেকে এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করে আসছেন। এবারও ভোটে বিজেপির টিকিটে প্ৰচিদ্বন্দ্বিতা করছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস