বক্সনগরে ২২ কেজি গাঁজা উদ্ধার, গৃহবধূ আটক
বক্সনগর (ত্রিপুরা), ২৩ মার্চ (হি.স.) : নেশা বিরোধী অভিযানে আবারও উল্লেখযোগ্য সাফল্য পেল সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সোমবার দুপুরে ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২২ কে
গাঁজা সহ মহিলা আটক


বক্সনগর (ত্রিপুরা), ২৩ মার্চ (হি.স.) : নেশা বিরোধী অভিযানে আবারও উল্লেখযোগ্য সাফল্য পেল সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সোমবার দুপুরে ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির গৃহবধূ রুজিনা খাতুনকে (কাল্পনিক নাম) আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে যাত্রাপুর থানার ওসি-এর নেতৃত্বে একদল পুলিশ ও মহিলা কনস্টেবল ভবানীপুর এলাকায় অভিযান চালায়। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রুজিনা খাতুনের বাড়িতে হানা দিয়ে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বসতঘরের পেছনে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ২২ কেজি বলে পুলিশ নিশ্চিত করেছে।

উদ্ধার হওয়া গাঁজাসহ রুজিনা খাতুনকে সঙ্গে সঙ্গে আটক করে যাত্রাপুর থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

এই প্রসঙ্গে যাত্রাপুর থানার ওসি জানান, ধৃত মহিলার স্বামী কর্মসূত্রে বিদেশে থাকেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুজিনা খাতুন উদ্ধার হওয়া গাঁজার মালিকানা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তিনি আরও জানান, গাঁজাগুলি প্যাকেট করে বস্তায় ভরে ঘরের পাশেই লুকিয়ে রাখা ছিল।

ওসি আরও বলেন, ধৃত মহিলাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande