
নিউইয়র্ক, ২৬ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়া সংঘাত ও যুদ্ধের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসঙ্ঘ। হরমুজ প্রণালী বন্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, যুদ্ধের পরিণতি হ্রাস করার জন্য কাজ করছে রাষ্ট্রসঙ্ঘ। এক্স মাধ্যমে তিনি জানান, হরমুজ প্রণালীর দীর্ঘস্থায়ী বন্ধ থাকা বিশ্বব্যাপী রোপণ মরশুমের সময় এক সংকটময় মুহূর্তে তেল, গ্যাস ও সারের চলাচলকে রুদ্ধ করে দিচ্ছে। এই অঞ্চলজুড়ে ও এর বাইরেও সাধারণ মানুষ গুরুতর ক্ষতির শিকার হচ্ছেন এবং চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। রাষ্ট্রসঙ্ঘ এই যুদ্ধের পরিণতি হ্রাস করার জন্য কাজ করছে। আর সেই পরিণতিগুলি হ্রাস করার সর্বোত্তম উপায়টি সুস্পষ্ট: যুদ্ধ বন্ধ করুন – অবিলম্বে।
এদিকে, হরমুজ প্রণালী নিয়ে বড় বার্তা দিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, ভারতের জন্য খোলা থাকবে হরমুজ প্রণালী। ভারত, রাশিয়া, চিন, ইরাকের মতো ‘বন্ধু রাষ্ট্রগুলিকে’ এই প্রণালী ব্যবহার করতে দেওয়ার বার্তা দিল তেহরান।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ