
কলকাতা, ২৬ মার্চ (হি. স.): ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) পরিচালিত মহিলাদের ক্লাব ক্রিকেট লিগের তৃতীয় সংস্করণ শুরু হচ্ছে বৃহস্পতিবার। এবারে দলের সংখ্যা বেড়ে হয়েছে ৪০। ২০২৪ সালে ১০টি দল নিয়ে পথ চলা শুরু হয়েছিল এই লিগের। প্রথম বছরেই সাড়া ফেলে দেয় এই উদ্যোগ। সেই সাফল্যের ধারাবাহিকতায় গত বছর অংশগ্রহণ করে ২০টি দল। আর চলতি বছরে সেই সংখ্যা পৌঁছেছে ৪০-এ, যা নিঃসন্দেহে বাংলার মহিলা ক্রিকেটের প্রসারে এক বড় পদক্ষেপ। এবারের টুর্নামেন্টে প্রায় ৭০০ মহিলা ক্রিকেটার অংশ নিচ্ছেন। আগামী পাঁচ সপ্তাহ ধরে হবে শতাধিক ম্যাচ। লিগ-কাম-নকআউট পদ্ধতিতে আয়োজিত কোয়ালিফাইং পর্বে অংশগ্রহণ করবে ২৬টি ক্লাব। সেখান থেকে শীর্ষ দুই দল জায়গা করে নেবে মূল পর্বে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত