
নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): আম আদমি পার্টি (এএপি)-র সাংসদ রাঘব চাড্ডা শুক্রবার ভারতের প্রধান শহরগুলিতে বাড়তে থাকা যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন সমাজ মাধ্যমে। রাঘব চাড্ডার বক্তব্য, যানজট কার্যত মেট্রো শহরগুলিকে ‘বিশাল পার্কিং লটে’ পরিণত করেছে। তিনি বলেন, বেঙ্গালুরু, পুণে, মুম্বই, কলকাতা, দিল্লি এবং চেন্নাই— এই শহরগুলোতে একজন যাত্রী যানজটে আটকে থেকে গড়ে বছরে ১০০ থেকে ১৬৮ ঘণ্টা সময় ব্যয় করেন। প্রতিটি হারিয়ে যাওয়া ঘণ্টা এমন একেকটি ঘণ্টা, যা ভারত আর কখনওই ফিরে পাবে না। এতে উৎপাদনশীলতা নষ্ট হয়, জ্বালানি অপচয় হয়, বাতাস দূষিত হয় এবং জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত হয়। আমি সংসদে দাঁড়িয়ে আমাদের মেট্রো শহরগুলির জন্য একটি ‘জাতীয় নগর যানজট নিরসন মিশন’-এর দাবি জানিয়েছিলাম, যার মূল ভিত্তি হবে উন্নত গণপরিবহণ ব্যবস্থা, আরও স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা এবং একটি বিজ্ঞানসম্মত পার্কিং নীতি। আমরা আসলে যানজটে আটকে নেই; বরং যানজটের জন্যই আমরা ‘স্থবির’ হয়ে গেছি। আর ভারত যদি তার অর্থনীতিকে দ্রুতগতির পথে এগিয়ে নিতে চায়, তবে আমাদের শহরগুলোকেও সচল হয়ে উঠতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ