
কৌশাম্বী, ২৭ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের কৌশাম্বী জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার বিকেলে কানপুর-প্রয়াগরাজ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পরিবার–সহ মোট ২৮ জন একটি পিকআপ গাড়িতে করে প্রয়াগরাজ থেকে ফিরছিলেন। সেখানে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরা। ফেরার পথে ডরমা গ্রামের কাছে একটি পেট্রোল পাম্পের সামনে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলা একটি ট্রলারের পিছনে গিয়ে ধাক্কা মারে পিকআপ গাড়িটি।
দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়, যাঁদের মধ্যে ৫ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। মৃতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, সকলেই ফতেহপুর জেলার মালওয়ান এলাকার বারোখার গ্রামের বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য