
সোন, ১২ এপ্রিল (হি.স.) : বিহারের সাসারাম নগর থানা এলাকার বাধিয়াবাগে রবিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা সকলেই সাসারাম বাজার সমিতি এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে রয়েছেন পরমানন্দ কুমার (২৫), খুশবু দেবী (৩০) এবং দুই বছরের কাব্য কুমারী।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটরবাইকে করে তিনজন সাসারাম থেকে কোচাসের দিকে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্র্যাক্টরের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাইকটি সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ট্র্যাক্টরটি আটক করে এবং তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
জানা গেছে, মৃতরা তাঁদের এক আত্মীয় শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে মইনপুরা গ্রামে যাচ্ছিলেন। সম্প্রতি পরমানন্দ কুমারের ঠাকুমার মৃত্যু হওয়ায় ওই অনুষ্ঠানে যোগ দিতেই তারা রওনা হয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ট্র্যাক্টরটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য