
পিংলা, ১২ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পিংলা কেন্দ্রে প্রচারে জোর বাড়ালেন বিজেপি প্রার্থী স্বাগতা মান্না। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি লাগাতার জনসংযোগে নেমেছেন। রবিবার পিংলার ৭ নম্বর গোবর্ধনপুর অঞ্চলের একাধিক বুথে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। সাধারণ মানুষের সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।এদিন প্রচারের অংশ হিসেবে বিভিন্ন মন্দিরে গিয়ে পূজো দেন স্বাগতা মান্না। কখনো পায়ে হেঁটে, আবার কখনো মোটরবাইকে চেপে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে পৌঁছে যান তিনি। মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলে আসন্ন নির্বাচনে বিজেপির প্রতীক পদ্মফুলে ভোট দেওয়ার আবেদন জানান।প্রার্থীকে কাছে পেয়ে এলাকার বহু মহিলা নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বাগতা মান্না অভিযোগ করেন, লক্ষীর ভাণ্ডার প্রকল্প থাকলেও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। তাঁর দাবি, উন্নয়নের প্রচার হলেও পিংলার প্রত্যন্ত এলাকায় বাস্তবে উন্নয়নের অভাব রয়েছে।তিনি আরও বলেন, পিংলার মানুষ পরিবর্তন চাইছে এবং আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে সেই পরিবর্তন এখন সময়ের দাবি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়