
বলরামপুর, ১২ এপ্রিল (হি.স.) : দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর অবশেষে নকশাল সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সফল হল ছত্তিশগড়ের বলরামপুর জেলা পুলিশ। ঝাড়খণ্ডের লাতেহর জেলা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে বলে রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম মুন্না কোরওয়া (৩৩)। তিনি ঝাড়খণ্ডের লাতেহর জেলার ভান্ডারিয়া থানার টেধি গ্রামের বাসিন্দা এবং নকশাল সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। ২০১২ সালের একটি গুরুতর অপরাধমূলক মামলায় তাঁর বিরুদ্ধে বলরামপুরের সমরপথ থানায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছিল।
ঘটনাটি ঘটে ২০১২ সালের ৯-১০ ফেব্রুয়ারি রাতে। অভিযোগ, ওই সময় নকশালরা এক যুবককে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে মারধর করে। পরে সংগঠনের নির্দেশে অভিযুক্ত ওই যুবককে হত্যা করার উদ্দেশ্যে গুলি চালায়। যদিও ওই যুবক সেখান থেকে পালিয়ে গিয়ে প্রাণে বেঁচে যান।
এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা সহ অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করা হয়। তদন্ত সম্পূর্ণ করে আদালতে চার্জশিট পেশ করা হলেও অভিযুক্ত জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই পলাতক ছিল। পরে আদালত তাঁর বিরুদ্ধে স্থায়ী পরোয়ানা জারি করে।
সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ঝাড়খণ্ডের ভান্ডারিয়া এলাকায় আত্মগোপন করে রয়েছে। এরপর পুলিশ সুপারের নির্দেশে একটি বিশেষ দল গঠন করে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সাফল্য পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে শনিবার বলরামপুরে নিয়ে আসে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার আদালতে পেশ করে।
এই অভিযানে সমরপথ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় প্রতাপ সিংয়ের নেতৃত্বে পুলিশ দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিনের চেষ্টার পর এই সাফল্য পাওয়ায় পুলিশ মহলে সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য