
আরামবাগ, ১৭ এপ্রিল (হি.স.): নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, গোঘাট বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। দলীয় প্রার্থীকে জয়ী করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোঘাটের সাতবেড়িয়া মোড় এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। এই সভায় স্থানীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে এদিনের সভার অন্যতম আকর্ষণ ছিল গোঘাটের পরিচিত বিজেপি নেত্রী দোলন রায়ের উপস্থিতি। বেশ কিছুদিন পর তাঁকে দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়াও এই পথসভায় উপস্থিত ছিলেন বাপ্পা পাত্রসহ বিজেপির একাধিক জেলা ও স্থানীয় নেতৃত্ব।
সভা থেকে দলীয় প্রার্থীর সমর্থনে জোরালো প্রচার চালানো হয়। উপস্থিত নেতারা ভোটারদের কাছে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির সমালোচনা করে পরিবর্তনের বার্তা দেন।
স্থানীয়দের একাংশের মতে, দোলন রায়ের মতো পরিচিত মুখ প্রচারে নামায় বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের নিবিড় প্রচার গোঘাটের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA