
বালুরঘাট, ২ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলায় জোরদার প্রস্তুতি শুরু করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীরা নির্বাচন কমিশনের বিধি মেনে নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন। এই মনোনয়ন পর্বকে কেন্দ্র করে জেলা প্রশাসনিক ভবন চত্বর ও পার্শ্ববর্তী এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে এদিন বালুরঘাট কেন্দ্রের প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, কুমারগঞ্জের প্রার্থী শুভেন্দু সরকার, তপন কেন্দ্রের বুধরাই টুডু এবং গঙ্গারামপুর কেন্দ্রের প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় তাঁদের মনোনয়ন জমা দেন। প্রার্থীদের সঙ্গে ছিলেন দলের জেলা ও ব্লক স্তরের পদস্থ নেতৃবৃন্দ।
অন্যদিকে, বুনিয়াদপুরে হরিরামপুর কেন্দ্রের প্রার্থী দেবব্রত মজুমদার এবং কুশমণ্ডি কেন্দ্রের প্রার্থী তাপস চন্দ্র রায়ের সমর্থনে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বুনিয়াদপুর থেকে শুরু হয়ে গঙ্গারামপুর মহকুমা দপ্তরে গিয়ে শেষ হয়। এই মিছিলে অগ্রভাগে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। মিছিল চলাকালীন রাস্তার দু’পাশে সমর্থকদের উন্মাদনা ও উচ্ছ্বাস ছিল লক্ষণীয়।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, জেলার প্রতিটি কেন্দ্রে শক্তিশালী প্রার্থী দেওয়া হয়েছে। তাঁর মতে, মানুষের সেবা করা এবং রাজ্যে প্রকৃত উন্নয়নের লক্ষ্যেই ভারতীয় জনতা পার্টি এবারের লড়াইয়ে নেমেছে। মনোনয়ন পর্বকে কেন্দ্র করে গোটা জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে এক প্রকার উৎসবের মেজাজ তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, জেলায় এখনও পর্যন্ত পরিবেশ শান্ত এবং শান্তিপূর্ণভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এখন দেখার, প্রচার পর্বে রাজনৈতিক পারদ কতটা চড়ে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত