চার বছরেও বিকল ‘অটল জল জীবন মিশন’, নোনাছড়ায় পানীয় জলের তীব্র সংকট
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২ এপ্রিল (হি.স.): প্রায় চার বছর অতিক্রম হলেও ঘরে ঘরে পৌঁছায়নি পানীয় জল। এমনই গুরুতর অভিযোগ উঠেছে খোয়াই জেলার মূঙ্গিয়কামী ব্লকের অন্তর্গত নোনাছড়া টিটিএএডিসি ভিলেজে। ‘অটল জল জীবন মিশন’ প্রকল্পে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কোটি কো
জলের পাম্প বিকল


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২ এপ্রিল (হি.স.): প্রায় চার বছর অতিক্রম হলেও ঘরে ঘরে পৌঁছায়নি পানীয় জল। এমনই গুরুতর অভিযোগ উঠেছে খোয়াই জেলার মূঙ্গিয়কামী ব্লকের অন্তর্গত নোনাছড়া টিটিএএডিসি ভিলেজে। ‘অটল জল জীবন মিশন’ প্রকল্পে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কোটি কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা এই প্রকল্প আজ কার্যত অচল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে প্ল্যান্ট স্থাপন করা হয় এবং বিস্তৃত পাইপলাইন নেটওয়ার্কও তৈরি করা হয়েছিল। প্রকল্পের শুরুতে কাজ দ্রুতগতিতে এগুলেও পরবর্তীতে তা থমকে যায়। অভিযোগ, পাইপলাইন বসানো হলেও আজ পর্যন্ত তাতে জল সরবরাহ চালু হয়নি।

ফলে বাধ্য হয়ে গ্রামবাসীদের প্রতিদিনের পানীয় জলের জন্য নির্ভর করতে হচ্ছে নদী কিংবা ছড়ায়। এতে একদিকে যেমন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে অপরিশ্রুত জলের অভাবে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এই পরিস্থিতিতে সম্প্রতি এলাকা পরিদর্শনে যান মূঙ্গিয়কামী ব্লকের বিএসি চেয়ারম্যান সুনীল দেববর্মা। পরিদর্শন শেষে তিনি জানান, “সরকারের একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প এভাবে বছরের পর বছর অকার্যকর হয়ে পড়ে থাকা অত্যন্ত উদ্বেগজনক। কোটি কোটি টাকা ব্যয় করেও যদি সাধারণ মানুষ তার সুফল না পায়, তাহলে তা প্রশাসনিক ব্যর্থতারই প্রমাণ।”

তিনি আরও বলেন, শুধুমাত্র পানীয় জলের সমস্যাই নয়, নোনাছড়া এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক মৌলিক সমস্যাও উপেক্ষিত হয়ে রয়েছে। এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, বিদ্যুৎ পরিষেবার বিঘ্নিত এবং পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবার অভাবে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সুনীল দেববর্মা সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ দাবি করে বলেন, “অবিলম্বে জল প্রকল্পটি চালু করে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এলাকার অন্যান্য সমস্যা সমাধানেও দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।”

এদিকে, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, দীর্ঘ প্রতীক্ষার পরও যদি এই প্রকল্পের সুফল না মেলে, তবে তা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।

তবে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এলাকাবাসীর আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ‘হর ঘর জল’ প্রকল্পকে বাস্তব রূপ দেওয়া হবে এবং প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে পরিশ্রুত পানীয় জল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande