
গোসাবা, ২ এপ্রিল (হি. স.): বিধানসভা নির্বাচনের আগে গোসাবায় চমক। শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপি থেকে প্রায় ৫০ টি পরিবার যোগ দিল আরএসপি দলে। গোসাবার আরএসপি প্রার্থী আদিত্য জোতদারের হাত থেকে তাঁরা লাল ঝান্ডা তুলে নেন। বৃহস্পতিবার গোসাবার আমতলি গ্রামের এই ঘটনায় কিছুটা হলেও আশায় বুক বাঁধছেন বাম নেতারা।
আমতলি গ্রাম পঞ্চায়েতের ২০২ নম্বর বুথ থেকে বিজেপি ও তৃণমূল ছেড়ে এদিন প্রায় ৫০টি পরিবার আরএসপি-তে যোগদান করল। এই প্রসঙ্গে আদিত্য বলেন, “ মানুষ বর্তমানে তৃণমূল এবং বিজেপি—উভয় দলের উপরেই ক্ষুব্ধ ও অতিষ্ঠ হয়ে উঠেছেন। ধর্ম নিয়ে রাজনীতি ও হানাহানির রাজনীতি করছে দুটি দলই। তাদের জনবিরোধী নীতির কারণে সাধারণ মানুষের মোহভঙ্গ হয়েছে। তাই তাঁরা বিকল্প হিসেবে সেই বামেদের উপরেই ভরসা রাখছেন।”
সদ্য আরএসপি দলে যোগ দেওয়া নিতাই সর্দার, সাবিত্রী মণ্ডলরা বলেন, “বামেদের হাত ধরেই সুন্দরবনের নদী বাঁধ কংক্রিটের হওয়া শুরু হয়েছিল। কিন্তু তৃণমূল এসে তা করতে পারেনি। শুধুই মিথ্যা প্রতিশ্রুতি। আর বিজেপি, তৃণমূল সেটিং করে চলছে। ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। আমরা সাধারণ খেঁটে খাওয়া মানুষ তাই আরএসপি দলে যোগ দিলাম।”
গোসাবার তৃণমূল নেতা কৈলাস বিশ্বাস বলেন, “ এসব মিথ্যা। তৃণমূল দল থেকে কেউ আরএসপিতে গেছে বলে শুনিনি। মা মাটি মানুষের সরকারের উন্নয়নকে সামনে রেখেই এবারের ভোট হবে।” বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার মুখপাত্র সঞ্জয় নায়েক বলেন, “ বিজেপি দল ছেড়ে কেউ আরএসপি দলে গেছে বলে শুনিনি। তবে বিগত কয়েকদিনে বহু তৃণমূল ও আরএসপি, সিপিএম কর্মী বিজেপি দলে যোগ দিয়েছেন, আগামী দিনেও দেবেন।”
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা