
ঝাড়গ্রাম, ২ এপ্রিল (হি.স.) : চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে ঝাড়গ্রামে বিক্ষোভ দেখালেন কয়েকশো সংখ্যালঘু গ্রামবাসী। ঝাড়গ্রাম ব্লকের সরডিহা অঞ্চলের বিভিন্ন গ্রামের বাসিন্দারা জেলাশাসকের দফতরে হাজির হয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন এবং লিখিত অভিযোগ জানান।
বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত চূড়ান্ত তালিকায় সরডিহা অঞ্চলের একাধিক বুথে বহু মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, যাঁরা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন, তাঁদের নামও হঠাৎ করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার কোনও স্পষ্ট ব্যাখ্যা তাঁরা পাননি।
বিক্ষোভকারীদের অভিযোগ, অনেকেই ২০০২ সাল থেকে নিয়মিত ভোটার হলেও এবারের তালিকায় তাঁদের নাম নেই। ফলে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। সমস্যার দ্রুত সমাধান এবং বাদ পড়া নামগুলি পুনর্ভুক্তির দাবিতে তাঁরা জেলাশাসকের দ্বারস্থ হন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শেখ আহমেদ জানান, তিনি ২০০২ সাল থেকে ভোট দিয়ে আসছেন এবং শুনানিতেও অংশ নিয়েছিলেন, তবুও চূড়ান্ত তালিকায় তাঁর নাম নেই। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো