
ক্যানিং, ২ এপ্রিল (হি. স.): ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্ক নিয়ে বিগত কয়েকদিন ধরে চিন্তিত ছিলেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তালদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অমিত্রি মাইতি (৫০) নামে এক মহিলা। বিগত কয়েকদিন ধরে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এলাকার বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন তিনি। কিন্তু কোনও সদুত্তর পাননি বলে দাবি পরিবারের। বুধবার রাতে সাইবার ক্যাফেতে গিয়ে দেখেন তাঁর নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে। কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশী সোয়েব লস্কর নামে এক ব্যক্তিকে সেই কাগজ দেখাতে যান। সেখানে গিয়ে সমস্ত বিষয় জিজ্ঞাসা করেন তিনি। কীভাবে ফের ভোটার তালিকায় নাম তোলা যাবে সে সম্পর্কে জানতেও চান। তবে যথেষ্ট চিন্তিত ছিলেন। রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অভিযোগ রাত এগারোটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন তাঁকে। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী সিরাজুল লস্কর বলেন, “এদিন সন্ধ্যায় ভোটার তালিকা তুলে আনার পর থেকেই ভেঙে পড়েছিলেন। নাম ডিলিট হয়ে যাওয়ায় কান্নাকাটি শুরু করেছিলেন। এই কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মাসিমার।” বৃহস্পতিবার ক্যানিং পশ্চিমের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস বলেন, “এসআইআর আতঙ্কে সারা বাংলায় মানুষের মৃত্যু মিছিল চলছে। সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। আজ আরও একজনের মৃত্যু হল এই এসআইআর আতঙ্কে। আমরা ধিক্কার জানাই নির্বাচন কমিশন ও বিজেপির কেন্দ্রীয় সরকারকে। আমরা পরিবারের পাশে আছি।”
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা