
হোরসেন্স (ডেনমার্ক),২৮ এপ্রিল (হি.স.): সোমবার চিনের কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করে উবের কাপ থেকে বিদায় নিল ভারত। প্রতিযোগিতায় ১৬ বারের চ্যাম্পিয়ন চিনের বিরুদ্ধে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়াটা খুবই কঠিন ছিল ভারতের কাছে ৷ সেটাই হলো। এ গ্রুপ পর্বের শেষ টাইয়ে সোমবার চিনের প্রাচীর টপকাতে ব্যর্থ হলো ভারতের মহিলা শাটলাররা ৷ চিনের কাছে ০-৫এ পর্যুদস্ত হয়ে উবের কাপ থেকে বিদায় নিলেন পিভি সিন্ধুরা ৷
কানাডার পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সোমবারই থমাস কাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভারত ৷ ছেলেরা পারলেও পারলো না ভারতের মেয়েরা ৷ ডেনমার্কের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম টাই লড়ে হেরেছিল ভারতের মেয়েরা ৷ ফলাফল ছিল ২-৩ ৷ এরপর ইউক্রেনের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয় করে শেষ আটের আশা জাগিয়েছিল ভারতীয় শিবিরে ৷ কিন্তু সেই আশার সলিললমাধি হল সোমবার ৷ গ্রুপ-এ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল খেলবে ডেনমার্ক।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি