নবান্নে বড়সড় প্রশাসনিক রদবদল, একাধিক শীর্ষ আমলার দায়িত্ব পরিবর্তন
কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে রাজ্য সচিবালয় নবান্নে বড়সড় প্রশাসনিক রদবদল করা হলো। বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একযোগে বেশ কয়েকজন শীর্ষ আমলার দায়িত্ব পরিবর্তন ও অতিরিক্ত দায়িত্ব প্রদানের বিজ্ঞপ্তি জারি করা হয়
প্রশাসনিক রদবদল


কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে রাজ্য সচিবালয় নবান্নে বড়সড় প্রশাসনিক রদবদল করা হলো। বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একযোগে বেশ কয়েকজন শীর্ষ আমলার দায়িত্ব পরিবর্তন ও অতিরিক্ত দায়িত্ব প্রদানের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের এই নির্দেশিকায় রাজ্যপালের আদেশানুসারে স্বাক্ষর করেছেন অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, সরকারি কাজে গতি আনা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এই পরিবর্তন করা হয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের বিভাগীয় কমিশনার পদে নতুন আধিকারিকদের নিয়োগ করা হয়েছে। ২০০২ ব্যাচের আইএএস আধিকারিক অবনীন্দ্র সিংকে বর্ধমান বিভাগের কমিশনার করা হয়েছে, যিনি এর আগে শ্রম দফতরের সচিব ছিলেন। ১৯৯৩ ব্যাচের অনুপ কুমার আগরওয়ালকে জলপাইগুড়ি বিভাগের কমিশনার নিযুক্ত করা হয়েছে। এ ছাড়া ১৯৯৭ ব্যাচের সুরেন্দ্র গুপ্তাকে প্রেসিডেন্সি বিভাগের কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, জেলা স্তরের কাজকর্মে অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এই প্রবীণ আধিকারিকদের বিভাগীয় স্তরে আনা হয়েছে।

পাশাপাশি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ক্ষেত্রে ১৯৯৬ ব্যাচের বিনোদ কুমারকে স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা ও গ্রন্থাগার দফতরের সঙ্গে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ১৯৯৫ ব্যাচের খলিল আহমেদকে দমকল দফতরের পাশাপাশি নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রশাসনিক এই রদবদলের তালিকায় রয়েছেন ওঙ্কার সিং মীনও, যাঁকে কৃষি দফতরের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শ্রম দফতরের ভার দেওয়া হয়েছে। নবান্নের আধিকারিকদের মতে, এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া হলেও জনস্বার্থে এবং সরকারি কাজকে আরও কার্যকর করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নতুন দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande