আবহাওয়ার চোখরাঙানি ও বৃষ্টির ভ্রুকুটি, ইডেনে কেকেআর-এর ম্যাচে দর্শকদের উপস্থিতিতে মন্দা
কলকাতা, ৯ এপ্রিল (হি. স.) : ​কলকাতা নাইট রাইডার্স ও লক্ষ্ণৌ সুপার কিংসের তৃতীয় সাক্ষাৎ ঘিরে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সাজসাজ রব থাকলেও, অজানা আবহাওয়ার আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে দর্শকদের। এদিন সকালের দিকে বৃষ্টি হয়েছে এবং দিনভর আকাশ মেঘলা থাকায় এক
কলকাতা ময়দানের অতি পরিচিত ছবি উধাও


কলকাতা, ৯ এপ্রিল (হি. স.) :

​কলকাতা নাইট রাইডার্স ও লক্ষ্ণৌ সুপার কিংসের তৃতীয় সাক্ষাৎ ঘিরে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সাজসাজ রব থাকলেও, অজানা আবহাওয়ার আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে দর্শকদের। এদিন সকালের দিকে বৃষ্টি হয়েছে এবং দিনভর আকাশ মেঘলা থাকায় এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল হঠাৎ বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়ায় ইডেনের প্রস্তুতি যেভাবে লন্ডভন্ড হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজ প্রশাসন ও নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বাড়তি সতর্ক রয়েছেন।

​অন্যান্য ম্যাচের দিন ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে যে উপচে পড়া ভিড় দেখা যায়, বৃহস্পতিবার দুপুর থেকে সেখানে সেই চেনা ছবি ধরা পড়েনি। বিকেল থেকে আকাশ কিছুটা পরিষ্কার হলেও দর্শকদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে বেশ কম। মূলত ঝড়-বৃষ্টির প্রতিকূল পরিস্থিতির আশঙ্কার কারণেই ক্রিকেট অনুরাগীদের মধ্যে এই অনীহা দেখা গেছে। কেকেআর-এর হোম গ্রাউন্ডে বরাবর দর্শকদের যে ভিড় উপচে পড়ে, গত কয়েক বছরের তুলনায় আজ তার ব্যতিক্রমী ছবি স্পষ্ট।

​মাঠের বাইরে প্রিয় দলের লোগো গালে আঁকা, কব্জি বন্ধনী কিংবা জার্সি ও পতাকা বিক্রেতাদের ভিড় থাকলেও ক্রেতাদের দেখা নেই। আকাশবাণী ভবনের সামনের অংশে জনসমাগম ছিল অত্যন্ত পাতলা। মেয়ো রোডের মোড় দিয়ে স্টেডিয়ামে যাওয়ার প্রশস্ত পথগুলোও ছিল ফাঁকা। শহীদ মিনার প্রাঙ্গণের বিশাল পার্কিং লটটি দুপুরের বৃষ্টিতে কাদা মাখামাখি হয়ে যাওয়ায় যাতায়াতে সমস্যা হচ্ছে।

​নিরাপত্তার খাতিরে পুলিশ কিয়স্ক ও কলকাতা পুলিশের বিশেষ বুথ খোলা হয়েছে, যেখানে ‘উই কেয়ার ফর ইউ’ বার্তা নিয়ে পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন। কপালে বাঁধার রঙিন ব্যান্ডের চাহিদা এদিন অন্যান্য দিনের তুলনায় অনেক কম ছিল বলে বিক্রেতারা জানিয়েছেন। গতকাল খেলার মাঝপথে বৃষ্টি যেভাবে দর্শকদের আনন্দ মাটি করে দিয়েছিল এবং তাঁদের বিফল মনোরথে ফিরতে হয়েছিল, সেই তিক্ত অভিজ্ঞতাই আজ সাধারণ দর্শকদের বাড়তি সতর্ক করে তুলেছে। মূলত আবহাওয়ার খামখেয়ালিপনার কথা মাথায় রেখেই এদিন স্টেডিয়ামে হাজিরা সংখ্যা কম রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande