
কলকাতা, ১মে (হি. স.) : ডিজিটাল যুগে ক্রমবর্ধমান সাইবার অপরাধের প্রেক্ষিতে ছাত্রছাত্রীদের সচেতন করে তোলা এবং অঙ্ক ভীতি দূর করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল চিনপাই উচ্চ বিদ্যালয়। শুক্রবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হল সাইবার সচেতনতা শিবির ও অঙ্ক দুর্বলতা নিরসনমূলক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষার্থীদের জেলা কো-অর্ডিনেটর তথা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিদ্যুৎকুমার মজুমদার। তিনি জানান, “অঙ্ক বিষয়ের প্রতি ভীতি কাটানোর উদ্দেশ্যে কলকাতা থেকে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। চিনপাই কেন্দ্রে প্রাথমিক, উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং আল-আমিন মিশনের প্রায় ২০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। গোটা বীরভূম জেলা থেকে প্রায় ১০০০ জন পরীক্ষার্থী এই উদ্যোগে সামিল হয়েছিল।”তিনি আরও বলেন, “অঙ্কভীতি দূর করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এতে ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীরা অনেকটাই সুবিধা পাবে।”
অনুষ্ঠানে সফল পরীক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি সাইবার অপরাধ থেকে কীভাবে সতর্ক থাকা যায়, সে বিষয়েও বিশদে আলোচনা করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এ ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াবে এবং পড়াশোনায় আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক হবে।
উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ৪ অক্টোবর পুনরায় অঙ্ক দুর্বলতা নিরসনমূলক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত