
।। রাজীব দে ।।
ঢাকা, ১৪ মে (হি.স.) : বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে এক প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বিকেএমইএ-র পক্ষ থেকে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ, বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর প্রচেষ্টা এবং শ্রম আইন সংসদে পাশের আগে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। একইসাথে বন্ধ কারখানা পুনরায় চালুর পাশাপাশি চলমান কারখানাগুলো যাতে বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে নীতিগত ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়।
প্রধানমন্ত্রী এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি এনবিআর ও ব্যাংকিং সংক্রান্ত জটিলতাগুলো লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ প্রদান করেন প্রধানমন্ত্রী।
এছাড়াও তিনি প্রোডাক্ট ডাইভারসিফিকেশন, বিশেষ করে সিল্ক সেক্টর ও ম্যান-মেইড ফাইবারভিত্তিক পণ্যের সম্ভাবনা, শিল্পের বহুমুখীকরণ এবং জ্বালানি সমস্যা সমাধানের বিষয়েও গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়াঁ।
বিকেএমইএ-র পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান এবং ফকির কামরুজ্জামান নাহিদ।
দেশের শিল্পখাতের উন্নয়ন, রফতানি প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান রক্ষায় সরকারের এই ইতিবাচক উদ্যোগ শিল্প উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে বলে বিকেএমইএ-র প্রত্যাশা।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস