ঝাড়গ্রামের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ল ‘রামলাল’, খাবারের সন্ধানে রাজ্য সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত
ঝাড়গ্রাম, ১৪ মে (হি. স.) : খাবারের সন্ধানে ফের লোকালয়ে হানা দিল ঝাড়গ্রামের পরিচিত দাঁতাল হাতি ‘রামলাল’। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের জিতুশোলে অবস্থিত সাধুরামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ে হাতিটি। বিশ্ববিদ্যালয় চত্বরে হাতি ঢুকে
ঝাড়গ্রামের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ল ‘রামলাল’, খাবারের সন্ধানে রাজ্য সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত


ঝাড়গ্রাম, ১৪ মে (হি. স.) : খাবারের সন্ধানে ফের লোকালয়ে হানা দিল ঝাড়গ্রামের পরিচিত দাঁতাল হাতি ‘রামলাল’। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের জিতুশোলে অবস্থিত সাধুরামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ে হাতিটি। বিশ্ববিদ্যালয় চত্বরে হাতি ঢুকে পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হস্টেলে থাকা পড়ুয়ারা। বেশ কিছুক্ষণ ক্যাম্পাসের ভেতর খাবারের সন্ধানে ঘুরে বেড়ানোর পর কোনো ক্ষয়ক্ষতি না করেই সেটি সেখান থেকে বেরিয়ে যায়।

বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে হাতিটি জিতুশোল এলাকায় লোধাশুলি-ঝাড়গ্রাম ৫ নম্বর রাজ্য সড়কের ওপর উঠে পড়ে। দীর্ঘক্ষণ রাজ্য সড়কের ওপর হাতিটি দাঁড়িয়ে থাকার ফলে দু’দিকেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, খাবারের সন্ধানেই হাতিটি রাস্তায় গাড়ি আটকানোর চেষ্টা করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের কর্মী ও আধিকারিকরা। পরে স্থানীয় মানুষ ও বনকর্মীদের যৌথ প্রচেষ্টায় হাতিটিকে তাড়া করে কাছের জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, শান্ত স্বভাবের এই হাতিটি ঝাড়গ্রাম, লোধাশুলি ও মাণিকপাড়া রেঞ্জ এলাকার জঙ্গলেই মূলত বিচরণ করে। মাঝে মধ্যেই খাবারের সন্ধানে লোকালয় বা গ্রামের ভেতর ঢুকে পড়ে সে। তবে বর্তমানে বয়সজনিত কারণে হাতিটি খুব একটা জোরে চলাফেরা করতে পারে না। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ে হাতিটি ঢুকলেও কোনও আসবাবপত্র বা ভবনের ক্ষয়ক্ষতি করেনি বলে বনদফতর জানিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও বনকর্মীরা হাতিটির গতিবিধির ওপর নজর রাখছেন।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande