পনেরো বছর পর গোঘাটে দলীয় কার্যালয় পুনরুদ্ধার করল বিজেপি
আরামবাগ , ১৪ মে (হি.স.) : দীর্ঘ প্রায় পনেরো বছর পর আরামবাগের গোঘাটে নিজেদের দলীয় কার্যালয় পুনরুদ্ধার করল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার গোঘাটের খানাটি এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুনরায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পার্
গোঘাটে বিজেপির পার্টি অফিস পুনরুদ্ধার


আরামবাগ , ১৪ মে (হি.স.) : দীর্ঘ প্রায় পনেরো বছর পর আরামবাগের গোঘাটে নিজেদের দলীয় কার্যালয় পুনরুদ্ধার করল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার গোঘাটের খানাটি এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুনরায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পার্টি অফিসের দখল নেয় স্থানীয় নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় বিজেপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গিয়েছে।

​বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের ঠিক পরেই ওই দলীয় কার্যালয়টি তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে চলে যায়। এরপর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিজেপির পক্ষ থেকে বারবার কার্যালয়টি পুনরুদ্ধারের দাবি জানানো হচ্ছিল। সম্প্রতি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর, রাজ্যে নতুন সরকার গঠনের আবহে পুনরায় নিজেদের সংগঠন শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে বিজেপি নেতৃত্ব। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বৃহস্পতিবার খানাটি এলাকার ওই পুরনো পার্টি অফিসটি পুনরুদ্ধার করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

​এদিনের কর্মসূচিতে স্থানীয় বিজেপি নেতৃত্বের পাশাপাশি বহু সাধারণ কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। দলীয় পতাকা উত্তোলন এবং জয়ধ্বনি ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপি নেতৃত্বের দাবি, এই কার্যালয়টি ফিরে পাওয়ার ফলে আগামী দিনে গোঘাট এলাকায় সংগঠনের কাজ আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সঙ্গে দলের নিবিড় যোগাযোগ গড়ে তোলা সম্ভব হবে। তবে এই কার্যালয় দখলের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande