
নয়াদিল্লি, ১৫ মে (হি. স.) : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাড়ল পেট্রল এবং ডিজেলের দাম। দেশের চারটি মহানগরে পেট্রল এবং ডিজেলের দাম লিটারে ৩ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার থেকেই এই বর্ধিত দাম কার্যকর হবে বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর অভিযোগ, এই মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে দেবে এবং অর্থনৈতিক বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে জয়রাম রমেশ বলেন, বিগত বছরগুলোতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যখন কম ছিল, তখন তার সুবিধা গ্রাহকদের দেওয়ার জন্য সরকারকে বার বার অনুরোধ করেছিল কংগ্রেস। কিন্তু সে সময়ে দেশের বাজারে জ্বালানির দাম কমানো হয়নি। গ্রাহকদের তখন ঠকানো হয়েছিল। তাঁর আরও দাবি, এখন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ দুই বন্ধু— আমেরিকা ও ইজরায়েলের সরকারের জন্য পশ্চিম এশিয়ায় যুদ্ধ লেগেছে, তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। বিধানসভা নির্বাচনও শেষ। তাই জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। এর ফলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে। যা এই অর্থবর্ষে প্রায় ৬ শতাংশের কাছাকাছি পৌঁছনোর পূর্বাভাস দেওয়া হচ্ছে। দেশের অর্থনৈতিক বৃদ্ধির অনুমানও উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ