
কলকাতা, ১৫ মে (হি. স. ) :
আগামী রবিবার ১৭ মে কলকাতা মেট্রোর ব্লু লাইনের একাংশে সম্পূর্ণ বন্ধ থাকছে পরিষেবা। শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে সারা দিন চলবে না কোনও মেট্রো। কবি সুভাষ স্টেশনে সংস্কার এবং শহিদ ক্ষুদিরাম স্টেশনে বহু প্রতীক্ষিত 'রেক রিভার্সাল' কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে ট্রেনের দিক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় লুপ লাইনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরেই পরিকল্পনায় ছিল। অবশেষে সেই কাজ শুরু হতে চলেছে। পাশাপাশি কবি সুভাষ স্টেশনে পুনর্বাসন ও সংস্কারের কাজও চলছে জোরকদমে। সেই দুই প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই রবিবার 'ওয়ার্কিং পাওয়ার ব্লক' নেওয়া হচ্ছে।
ফলে রবিবার শহিদ ক্ষুদিরাম, কবি নজরুল, গীতাঞ্জলি, মাস্টারদা সূর্য সেন এবং নেতাজি, এই পাঁচটি স্টেশনে সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। দক্ষিণ কলকাতার বহু যাত্রীকে ওই দিন তাই বিকল্প পরিবহণের উপর নির্ভর করতে হবে।
তবে উত্তর কলকাতা ও মধ্য কলকাতার যাত্রীরা নিয়মিত পরিষেবাই পাবেন । মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকেই দক্ষিণেশ্বরগামী ট্রেন ধরা যাবে। আবার দক্ষিণেশ্বর থেকেও ট্রেন চলবে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত