মানুষের সুবিধার্থে বেলপাহাড়ী ও জামবনিতে খুলছে বিধায়ক কার্যালয়
ঝাড়গ্রাম, ১৬ মে (হি.স.) : সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও জোরদার করতে বেলপাহাড়ী ও জামবনি এলাকায় পৃথক বিধায়ক কার্যালয় চালুর উদ্যোগ নিলেন বিনপুর বিধানসভার বিধায়ক তথা চিকিৎসক প্রণত টুডু । মানুষের অভাব-অভিযোগ দ্রুত শোনা এবং সরকারি পরিষেবা
মানুষের সুবিধার্থে বেলপাহাড়ী ও জামবনিতে খুলছে বিধায়ক কার্যালয়


ঝাড়গ্রাম, ১৬ মে (হি.স.) : সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও জোরদার করতে বেলপাহাড়ী ও জামবনি এলাকায় পৃথক বিধায়ক কার্যালয় চালুর উদ্যোগ নিলেন বিনপুর বিধানসভার বিধায়ক তথা চিকিৎসক প্রণত টুডু । মানুষের অভাব-অভিযোগ দ্রুত শোনা এবং সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

শনিবার বেলপাহাড়ী ও জামবনি এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন বিধায়ক। সেখানে এলাকার বিভিন্ন সমস্যা, পরিকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের চাহিদা নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর বিধায়ক জানান, আগামী সপ্তাহ থেকেই বেলপাহাড়ী ও জামবনিতে পৃথক বিধায়ক কার্যালয় চালু করা হবে। জানা গিয়েছে, বিনপুর বিধানসভা এলাকার অন্তর্গত বিনপুর-২ ব্লক ও জামবনি ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের বহু মানুষকে ছোটখাটো সমস্যা বা অভিযোগ জানাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। সেই সমস্যার সমাধান করতেই স্থানীয় স্তরে এই কার্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিধায়ক প্রণত টুডু বলেন, “মানুষ যাতে সরকারের সমস্ত পরিষেবা সঠিকভাবে পান, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষ নানা সমস্যার মুখে পড়েন। তাঁদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করাই আমাদের কাজ। এই দুই কার্যালয়ে আমার প্রতিনিধিরা থাকবেন। কেউ কোনও অভিযোগ জানালে তা দ্রুত খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করা হবে।”

তিনি আরও জানান, শুধু অভিযোগ শোনা নয়, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষ ঠিকভাবে পাচ্ছেন কি না, তাও নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা-সহ একাধিক জনস্বার্থমূলক বিষয় নিয়ে মানুষ সরাসরি তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন এই কার্যালয়ে।

বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। তাঁদের বক্তব্য, স্থানীয় স্তরে বিধায়ক কার্যালয় চালু হলে সাধারণ মানুষের সমস্যা দ্রুত প্রশাসনের নজরে আসবে এবং সমাধানও সহজ হবে। বিশেষ করে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে এই উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande